বিসিবির নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

Date:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আজ বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের কথা জানায়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এই ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১ অনুবিভাগ) মো. সেলিম ফকির (এনডিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি এডমিন ও দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটিকে ২০২৫ সালের বিসিবি নির্বাচনে প্রাপ্ত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে পর্যালোচনা ও তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র ও প্রচলিত আইন মেনে হয়েছে কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি। এছাড়া তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব, সংস্থা বা ব্যক্তির কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের ক্ষমতা দেওয়া হয়েছে কমিটিকে।

তদন্তের পাশাপাশি ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে এই কমিটি।

কমিটি গঠনের তারিখ হতে আগামী ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। বিসিবি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের প্রেক্ষিতে এই পদক্ষেপকে দেশের ক্রিকেটাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। সরকার বদলের পর বিসিবির পরিবর্তনের সম্ভাব্য প্রক্রিয়া এতে শুরু হয়ে গেলো। 

 

Popular

More like this
Related

আবার টস জিতে বোলিংই নিল বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক...

রেশম কারখানায় ঈদের ব্যস্ততা, মৌসুমি কেনাকাটায় গতি

বাংলাদেশের সংস্কৃতিতে রাজশাহী ও রেশম—এই দুই শব্দ যেন একে...

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যা কিছু হারাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত যত দীর্ঘায়িত...

ঈদযাত্রায় গণপরিবহনে তেল নিয়ে সংকট হবে না, ভাড়া বাড়বে না: রবিউল আলম

আসন্ন ঈদযাত্রায় গণপরিবহনে তেল নিয়ে সংকট হবে না এবং...