যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করার ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন, বিশ্বকাপে খেলতে এলে ইরান দলকে স্বাগতই জানানো হবে।
বুধবার ভোরে নিজের ইনস্টাগ্রাম পোস্টে ইনফান্তিনো জানান, আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। আলোচনায় টুর্নামেন্টের প্রস্তুতি এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা আগ্রহের বিষয়টিও উঠে এসেছে। আগামী জুনে শুরু হবে এই বিশ্বকাপ।
তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরানও বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়। এই টানাপোড়েনের মধ্যেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইরান। গ্রুপ পর্বে তাদের ম্যাচ হওয়ার কথা লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। তবে গত সপ্তাহে আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপ পরিকল্পনা বৈঠকে ইরানের প্রতিনিধিরা অনুপস্থিত থাকায় জল্পনা আরও বাড়ে।
এর আগে সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে খুব একটা গুরুত্ব দেননি। তিনি বলেন, ‘ইরান অংশ নিল কি না তাতে আমার খুব একটা যায় আসে না। আমার মনে হয় তারা খুব বাজেভাবে পরাজিত একটি দেশ, তারা এখন কেবল টিকে থাকার চেষ্টা করছে।’
তবে ইনফান্তিনো বুধবার জানান, ইরানের বর্তমান পরিস্থিতি এবং তাদের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের বিষয়টি নিয়েই তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। সেই আলোচনায় ট্রাম্প আবারও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ইরান দলকে অবশ্যই স্বাগত জানানো হবে।
ইনফান্তিনো বলেন, ‘এখন আগের যেকোনো সময়ের চেয়ে মানুষের মধ্যে ঐক্য তৈরি করতে বিশ্বকাপের মতো একটি আয়োজন খুবই প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এটি আবারও দেখায়, ফুটবল বিশ্বকে একত্র করতে পারে।’
ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্কও বেশ ঘনিষ্ঠ বলে জানা যায়। ট্রাম্পের দুই মেয়াদকালেই তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। গত জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণের আগের সমাবেশ এবং উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ইনফান্তিনো। এছাড়া গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার নতুন চালু করা ‘ফিফা পিস প্রাইজ’ প্রদান করেন।
বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতেই এই পুরস্কার চালু করেছে ফিফা।
অন্যদিকে ইরানের অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জে টি ব্যাটসন স্কাই নিউজকে বলেন, ফিফা সভাপতি এমন একটি বিশ্বকাপ আয়োজন করতে চান যেখানে সব দল নিরাপদ ও নির্বিঘ্নভাবে অংশ নিতে পারবে, আর সেই লক্ষ্যকে তারা সমর্থন করেন।