‘বিশ্বকাপে আমরা ফেভারিট নই’, বললেন ভিনিসিউস

Date:

​২০২৬ বিশ্বকাপ জয়ের ফেভারিট হিসেবে নিজেদের বিবেচনা করার মতো যোগ্যতা ব্রাজিল এখনো অর্জন করেনি বলে মনে করেন ভিনিসিউস জুনিয়র। দলের এই তারকা ফরোয়ার্ড স্পষ্ট জানিয়েছেন, আপাতত ‘ফেভারিট’ তকমা নিয়ে মাঠে নামার কোনো ইচ্ছা তাদের নেই।

​ব্রাজিলের হয়ে রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জয়ের ইতিহাস থাকলেও ২০০২ সালের পর আর সোনালি ট্রফিটা ছোঁয়া হয়নি তাদের। এর পরের আসরগুলোতে ২০১৪ সালে চতুর্থ হওয়াই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। এমনকি ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও নিজেদের হারিয়ে খুঁজেছে দলটি, যেখানে তাদের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হয়েছে।

​ফ্রান্সের বিপক্ষে হাইভোল্টেজ প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস বলেন, ‘আমাদের সাম্প্রতিক ফলাফল বলছে যে আমরা ফেভারিট নই। তবে আমরা যেভাবে প্রীতি ম্যাচগুলোতে শান্ত ও ধৈর্য নিয়ে নিজেদের কাজের ওপর মনোযোগ দিচ্ছি, ঠিক সেভাবেই বিশ্বকাপের মূল মঞ্চে পৌঁছাতে চাই।’

​২০২৫ সালের মে মাসে অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনে বাছাইপর্বে দুটি ম্যাচ জিতলেও জাপানের কাছে হার এবং তিউনিসিয়ার সঙ্গে ড্র করে কিছুটা চাপে পড়েছিল দলটি। তবে মাদ্রিদেও আনচেলত্তির অধীনে খেলা ২৫ বছর বয়সী ভিনিসিউস নিজের কোচের ওপর পূর্ণ আস্থা রাখছেন। তার বিশ্বাস, আনচেলত্তি দলের ওপর থেকে বাড়তি চাপের বোঝা সরিয়ে নিতে পারবেন।

​ভিনিসিউস আরও যোগ করেন, ‘ব্রাজিলিয়ান জার্সির যে ওজন এবং আমাদের দলের খেলোয়াড়দের যে মান, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্রাজিলকে আবার শীর্ষে ফেরাতে আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব। আমরা ফেভারিট তকমা চাই না, আমরা চাই ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের চূড়ায় দেখতে।’
​আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।

গ্রুপ ‘সি’-তে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। ​এদিকে বাজির দর বা ‘বেটিং ওডস’ অনুযায়ী, বিশ্বকাপ জয়ের দৌড়ে চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমান অবস্থানে থাকলেও তারা স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্সের চেয়ে কিছুটা পিছিয়ে আছে।

Popular

More like this
Related

‘শত্রুভাবাপন্ন’ দেশে ক্রীড়া দল পাঠানো নিষিদ্ধ করল ইরান

​সৌদি আরবে ইরানি ও আমিরাতি ক্লাবের মধ্যকার একটি নির্ধারিত...

শপথ নিলেন নেপালের ‘র‍্যাপার’ প্রধানমন্ত্রী বালেন্দ্র

র‍্যাপার থেকে রাজনীতিতে নাম লেখানো বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী...

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে ব্যবস্থা: নেতাকর্মীদের পানিসম্পদ প্রতিমন্ত্রী

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে বা ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করলে...

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা পেতে পারে বাংলাদেশি জাহাজ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ছাড় দিতে বেশ...