আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন আরও স্পষ্ট হলো বাংলাদেশের জন্য। বাছাইপর্বে টানা তৃতীয় জয়ে দুর্দান্ত ছন্দে এগিয়ে গেল নিগার সুলতানার দল। মঙ্গলবার নামিবিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিশ্চিত করেছে সুপার সিক্সে জায়গা। এখান থেকে শীর্ষ চারে থাকলেই জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।
নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। শুরুতেই জুয়াইরিয়া ফেরদৌস ফিরে গেলেও ব্যাটিংয়ে ছন্দ হারায়নি দল। দিলারা আক্তার ও শারিমন আক্তারের দৃঢ়তায় পাওয়ারপ্লেতেই জমে ওঠে ইনিংস। চার ওভারে ৩৪ রান তুলে নেয় বাংলাদেশ। তবে এরপরই শারমিনের বিদায়ে ভাঙে জুটি।
শারমিনের বিদায়ের পর খুব বেশিক্ষণ টিকতে পারেননি দিলারা। তবে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি। ৪৬ রানের জুটি গড়েন তারা। সেই জুটি ভাঙে মোস্তারির বিদায়ে। নিগারও থামেন একটি পরই। তবে শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং ইনিংসে গতি আনে। তাতেই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মোস্তারি। ২৩ বলের ইনিংসে ১টি চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। ১৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ২৫ রান করেন দিলারা। এছাড়া স্বর্ণা ২৩ ও নিগার ২১ রান করেন। নাইমিবিয়ার পক্ষে ২টি করে উইকেট নেন সাইমা তুহাদেলেনি ও সিলভিয়া শিহেপো।
লক্ষ্য তাড়ায় শুরুটা মন্দ ছিল না নামিবিয়ার। প্রথম তিন ওভারে আসে ২০ রান। তবে রাবেয়া খানের হাতে প্রথম উইকেট পড়তেই ছন্দপতন ঘটে। এরপর একের পর এক উইকেট হারিয়ে ধসে পড়ে আফ্রিকান দলটি। ৩১ রানে দুই উইকেট হারানোর পর মাত্র ৩৩ রানের ব্যবধানে হারায় বাকি ৮ উইকেট।
বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়ে নামিবিয়া। রাবেয়া খান ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাহিমা খাতুনের শিকারও ৩ উইকেট, ৩.৫ ওভারে খরচ করেন ১২ রান। তবে সবচেয়ে বিধ্বংসী ছিলেন সানজিদা আক্তার, বাঁহাতি স্পিনে ৪ ওভারে ১৪ রানে তুলে নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ৬৪ রানেই গুটিয়ে যায় নামিবিয়া।
তিন ম্যাচে তিন জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে তারা। আয়ারল্যান্ড দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্র তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৪ জানুয়ারি, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।