বিনামূল্যে সার বিতরণের কোনো পরিকল্পনা এখন নেই: কৃষিমন্ত্রী

Date:

দেশের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও কৃষি উপকরণ সরবরাহের কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। 

তবে কৃষি উৎপাদন বাড়ানো এবং চাষাবাদে সহায়তার জন্য ২০২৫-২৬ অর্থবছরে ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া, সাড়ে ৯ লাখ মেট্রিক টন টিএসপি, সাড়ে ১০ লাখ মেট্রিক টন মিউরিয়েট অব পটাশ (এমওপি) ও ১৬ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন ডিএপি সার সরবরাহ করা হয়েছে বলে তিনি জানান।

২০২৫-২৬ অর্থবছরে, ২০২৬ সালের মার্চ পর্যন্ত কৃষি ভর্তুকি হিসেবে ১৬ হাজার ২৪০ কোটি টাকা প্রদান করা হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। 

এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, কৃষকদের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কৃষি কার্যক্রমকে সহায়তা দিতে সরকার বিভিন্ন বাস্তবমুখী ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।’

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ কেনার জন্য প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে বলে তিনি জানান।

আমিন উর রশিদ বলেন, ‘কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ অন্যান্য উপকরণ সরবরাহ করা হচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দকৃত ৭০০ কোটি টাকার মধ্যে ৪০ কোটি ১০ লাখ টাকা ছাড় করা হয়েছে। এর মধ্য দিয়ে ২৫ লাখ ২২ হাজার কৃষক উপকৃত হয়েছেন।’

‘নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এ কর্মসূচিতে সরকারের ব্যয় পরিকল্পনার ১ হাজার ৫৫০ কোটি টাকায় প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হচ্ছেন,’ বলেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া “স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি” অনুসরণ করে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান কৃষিমন্ত্রী।

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে মেটা, গুগল ও অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মেটা, গুগল...

ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স, সমালোচনায় মুখর ট্রাম্প

ইরানে হামলায় ইউরোপীয় মিত্রদেশগুলোকে পাশে না পেয়ে আবারও তাদের...

ঘুষ দাবি, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এক প্রসিকিউটরের একটি ফেসবুক পোস্ট...

হরমুজ নিয়ে ইরানকে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, মিত্রদের ওপর ক্ষুদ্ধ

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা...