বিটিএস উন্মাদনা: নেটফ্লিক্স লাইভস্ট্রিমে ১ কোটি ৮৪ লাখ ভিউ

Date:

বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস-এর ‘ফিরে আসার’ কনসার্ট বিশ্বজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে। 

সশরীরে কনসার্টে উপস্থিত থাকতে না পারলেও বিশ্বজুড়ে অসংখ্য মানুষ নেটফ্লিক্সের স্ট্রিমিং সেবার মাধ্যমে এই মহোৎসবে যোগ দেন।

মার্কিন প্রতিষ্ঠান নেটফ্লিক্স জানিয়েছে, বিটিএসের কনসার্ট লাইভে প্রচারের সময় ১ কোটি ৮৪ লাখ ভিউস পেয়েছে। 

আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
দক্ষিণ কোরিয়ার আইন মেনে বিটিএসের সদস্যরা বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন। 

 

প্রায় এক বছরের মতো বিটিএসের সব কার্যক্রম বন্ধ থাকার পর গত শনিবার ব্যান্ডের সাত সদস্য প্রথমবারের মতো এক হয়ে গান পরিবেশন করেন। 

এর একদিন আগেই তাদের সর্বশেষ অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ পায়।  

শনিবার নেটফ্লিক্সের লাইভস্ট্রিমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১ কোটি ৮৪ লাখ দর্শক যোগ দেন। 

তবে প্রকৃত দর্শকের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ অনেক সময় পরিবারের একাধিক সদস্য বা বন্ধু-পরিজন একত্র হয়ে নেটফ্লিক্স উপভোগ করেন। ওই সংখ্যা অ্যাপের পক্ষে জানা সম্ভব নয়। 

প্রতিষ্ঠানটি জানায়, ‘বিরতিতে থাকার সময় বিটিএসের প্রভাব আরও তীব্র হয়েছে’। 

সিউলের গোয়াংঘওয়ামুন চত্বরে আয়োজিত লাইভ অনুষ্ঠানটি ৮০টি দেশে নেটফ্লিক্সের শীর্ষ ১০ তালিকায় জায়গা করে নেয়।  

 

২৪টি দেশে প্রথম স্থানে ছিল এই সঙ্গীতানুষ্ঠান। 

এটাই ছিল নেটফ্লিক্সের প্রথম লাইভ সঙ্গীতানুষ্ঠান। এর আগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা লাইভ দেখালেও গানের জগতে এটাই তাদের প্রথম পদচারণা। 

এমন কী, দক্ষিণ কোরিয়াতেও এর আগে কোনো অনুষ্ঠানে অংশ নেয়নি নেটফ্লিক্স। 

কনসার্টের শুরুতে বিটিএস নতুন অ্যালবামের গান ‘বডি টু বডি’ পরিবেশন করে। এই গানে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী ফোক গান ‘আরিরাং’ এর একটি কোরাস যোগ করা হয়েছে। 

ওই গানের নামেই অ্যালবামের নাম দেওয়া হয়েছে। 

বিচ্ছেদ নিয়ে লেখা ফোক গানটিকে অনেকেই দক্ষিণ কোরিয়ার অনানুষ্ঠানিক জাতীয় সঙ্গীতের আখ্যা দেন। 
উপস্থিত দর্শকরা ব্যান্ডের হিট গানগুলোর সুরে সুর মেলান। গ্লোস্টিক ও মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে এই স্মরণীয় কনসার্ট উপভোগ করেন তারা। 

 

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রে আয়োজিত এই কনসার্টের ভেনু ও আশেপাশের এলাকায় লাখো মানুষ জমায়েত হন। 

টিকিট বিক্রি ও মোবাইল ফোন ব্যবহারের ডেটা থেকে জানা যায়, উপস্থিত জনতার সংখ্যা এক লাখের মতো। 

স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই-এর বরাত দিয়ে ব্যান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান জানিয়েছে, সর্বশেষ অ্যালবামের গান ‘সুইম’ প্রতিদিনের বৈশ্বিক শীর্ষ গানের তালিকায় টানা তিন দিন প্রথম অবস্থানে ছিল। 

একই সময়ে ‘বডি টু বডি’ নামের গানটি দ্বিতীয় অবস্থানে থাকে। 

নতুন অ্যালবামটি প্রকাশের দিনই চল্লিশ লাখ কপি বিক্রি হয়েছে। 

শনিবারের কনসার্ট শেষে ‘আরিরাং’ ওয়ার্ল্ড ট্যুর শুরু করবে বিটিএস। 

 

৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াং শহরে এই ট্যুর শুরু হবে। 

আগামী বছর পর্যন্ত এই ট্যুর চলবে। এ সময় ব্যান্ডটি এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার ৩৪ শহরে ৮২টি কনসার্টে অংশ নেবে। 

ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ কোরিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপের সব টিকিট বিক্রি হয়ে যায়। 

বিশেষজ্ঞদের মত, আরিরাং অ্যালবামে প্রথাগত কোরীয় সঙ্গীতের সঙ্গে পপ গানের সমন্বয় ঘটিয়ে এক অনন্য সুর তৈরি করেছে বিটিএস। 

নতুন গানের চমকের সঙ্গে পুরনো গানের নস্টালজিয়া—সব মিলিয়ে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে বিটিএস উন্মাদনা।
 

Popular

More like this
Related

আমি যতদিন আছি এলাকায় ওয়াজ-কীর্তন যেমন হবে, বাউল গানও হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,...

দর্শকহীন পিএসএল শুরু, নেই আতশবাজি-উল্লাস

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট লিগগুলোর একটি হলেও এবারের উদ্বোধনে...

রাজস্থান ও আরসিবির মালিকানা বদল: বিসিসিআই’র পকেটে ঢুকছে ১৫০০ কোটি টাকা

​আইপিএলের দুই জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স...

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে দীর্ঘ সারি, ধীরগতিতে চলছে যানবাহন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে...