নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি কর্মী পরিচয় দিয়ে ‘ফ্যামিলি কার্ড’-এর নামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজ বিক্রি করার অভিযোগে এক মুদি দোকানি ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংহপুর বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. রাসেল (৩৮) ও তার স্ত্রী হাসিনা আক্তার (৩২)। রাসেল স্থানীয় বাসিন্দা সিরাজ প্রধানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার পর পুলিশ অভিযান চালায়। তাদের কাছ থেকে ‘জিসান ট্রেডার্স’ নামে ছাপানো ‘ফ্যামিলি কার্ড’ লেখা বেশ কিছু কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, তেল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ১ হাজার ৭৬৫ টাকার একটি প্যাকেজ ১ হাজার ২৮৫ টাকায় বিক্রির জন্য ওই কার্ড ব্যবহার করা হচ্ছিল। কিছু কার্ড ৫০ টাকার বিনিময়ে বিতরণ করা হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কার্ডে বিএনপি বা এর সহযোগী সংগঠনের নাম ছিল না। বিষয়টি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল বলেন, অভিযুক্ত ব্যক্তি দল বা সহযোগী কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন।