বাগেরহাটে নিহত ১৪ জনের দাফন সম্পন্ন, পাশাপাশি কবরে ৯ জন

Date:

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে নিহত সাব্বির, তার বাবা বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ পরিবারের ৯ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নিহতদের স্বজনসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় উপজেলা পরিষদ মাঠ কানায় কানায় পূর্ণ ছিল।

জানাজা শেষে মোংলা কবরস্থানে পাশাপাশি ৯ জনকে দাফন করা হয়।

দুর্ঘটনায় নিহত কনে মিতু ও তার পরিবারের ৪ জনের জানাজা কয়রা উপজেলার নকশা গ্রামে অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাদের দাফন হয়।

দুর্ঘটনায় নিহত মাইক্রোবাসচালক নাঈমের জানাজা ও দাফন হয় রামপালে।

মোংলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত জানাজার আগে পরিবারের নিহত সদস্যদের জন্য ক্ষমা প্রার্থনা করেন স্ত্রী, সন্তান, বাবা, ভাই ও বোন হারানো আশরাফুল আলম জনি।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী নিহত পরিবারের খোঁজ নিয়েছেন, সমবেদনা জানিয়েছেন।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন।

বর-কনেসহ নিহতদের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন—বর আহাদুর রহমান সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, সামিউল ইসলাম ফাহিম, ভাবি ফারহানা সিদ্দিকা পুতুল, আলিফ, আরফা ও ইরাম এবং কনে মার্জিয়া আক্তার (মিতু), তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম, মাইক্রোবাস চালক নাঈম।

খুলনার কয়রার নকশা গ্রামে গতকাল দুপুরে সাব্বির ও মিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে মোংলায় সাব্বিরদের বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

Popular

More like this
Related

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্তে ৬ ক্রুর সবাই নিহত

ইরাকের আকাশসীমায় মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ছয়...

হরমুজে নিরাপত্তা নিশ্চিত সহজ নয়: যুক্তরাষ্ট্র; কিছু দেশ অনুমতি পাচ্ছে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সামরিক পরিকল্পনা...

ইরানে দুই সপ্তাহে ১৫ হাজারের বেশি হামলা হয়েছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র...

পাবনায় ইফতারের থালায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন

বিশাল এলাকা জুড়ে সারিবদ্ধভাবে সাজানো বড় বড় থালা (খাঞ্চা)...