ফের হোঁচট, শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল ম্যান সিটি

Date:

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে আরেকটি বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারাল পেপ গার্দিওলার দল। এই হোঁচটের ফলে এক ম্যাচ হাতে থাকলেও টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে রইল সিটিজেনরা।

এর আগে দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে এভারটনকে ২-০ গোলে হারিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় আর্সেনাল। সিটির সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। কিন্তু আগের ম্যাচে টেবিলের ১৮ নম্বরে থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে নিজেদের মাঠস ড্রয়ের পর এবার ১৭তম স্থানে থাকা ওয়েস্টহ্যামের কাছে পয়েন্ট হারাল তারা।

গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রিমিয়ার লিগের এই ড্র ম্যান সিটির জন্য মরার উপর খাঁড়ার ঘা। ৩০ ম‍্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সিটি। ৩১ ম‍্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। হ্যামারদের বিপক্ষে খেলার ৭১ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলমুখে ২৫টি শট নিয়ে ছয়টি লক্ষ‍্যে রাখে সিটি। এর মধ্যে কেবল একটি যায় জালে। অন‍্যদিকে, রক্ষণ জমাট রেখে স্বাগতিকদের গোলের জন‍্য নেওয়া স্রেফ একটি শটই জড়ায় জালে!

ম্যাচের ৩১তম মিনিটে অধিনায়ক বার্নার্দো সিলভার সৌভাগ্যপ্রসূত গোলে লিড নেয় সিটি। তার চিপ ওয়েস্টহ্যামের গোলরক্ষক ম্যাডস হারমানসেনের মাথার ওপর দিয়ে জালে জড়ালে উল্লাসে মাতে সফরকারীরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র চার মিনিট পরই জ্যারড বোয়েনের কর্নার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে হেডে সমতা ফেরান কনস্টান্টিনোস মাভরোপানোস।

এই ম্যাচের আগে স্প্যানিশ কোচ গার্দিওলা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, পয়েন্ট হারালে তাদের শিরোপার আশা শেষ হয়ে যেতে পারে। সেই তাড়না থেকেই দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে আক্রমণ চালায় সিটি। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি।

প্রিমিয়ার লিগে গত ১৭ ম্যাচে মাত্র ৪ গোল করা আর্লিং হালান্ডের ৬১তম মিনিটের একটি প্রচেষ্টা রুখে দেন হারমানসেন। নয় মিনিট পর অ্যান্টোয়ান সেমেনিয়োর পাস থেকে নেওয়া হালান্ডের নেওয়া আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ছয় গজের বক্সের ভেতরে থাকলেও মার্ক গেহির শট জালের ঠিকানা খুঁজে পায়নি।

মহামূল্যবান একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া ওয়েস্টহ্যাম রয়েছে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে। ৩০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে গত ডিসেম্বরের পর এই প্রথম রেলিগেশন অঞ্চলের বাইরে উঠে এলো তারা।

ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও পরিষ্কার সুযোগ তৈরিতে ধুঁকতে হয় সিটিকে। দ্বিতীয়ার্ধে রায়ান চেরকি, জেরেমি ডোকু ও ফিল ফোডেনকে মাঠে নামিয়েও ভাগ্য বদলাতে পারেনি তারা। গোলপোস্টের নিচে হারমানসেন ছিলেন দুর্ভেদ্য দেয়াল হয়ে। ৮৪তম মিনিটে আরেক বদলি টিয়ানি রেইন্ডার্সের ফ্রি-কিক তার হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসার পর অন্তিম সময়ে গেহি ব্যর্থ হলে জয় অধরাই থাকে গার্দিওলার দলের।

Popular

More like this
Related

ঈদযাত্রার আগে ট্রেনে পরীক্ষামূলক ফ্রি ওয়াইফাই চালু করল সরকার

ঈদযাত্রার আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে...

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৯ মার্চ পর্যন্ত

২০২৬ সালের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ মার্চ থেকে...

ফ্লাইট বিশৃঙ্খলা-বাড়তি ভাড়ায় পণ্ড প্রবাসীদের ঈদের স্বপ্ন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলোর...

ঠিকানা হারিয়ে ফেলা এক অধিনায়ক

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস একবার বলেছিলেন, কর্মক্ষেত্রে যারা সবচেয়ে...