ফারহানের আরেকটি সেঞ্চুরি, ছাড়িয়ে গেলেন কোহলির রানের কীর্তি

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি নির্দিষ্ট আসরে সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ড নিজের করে নিলেন সাহিবজাদা ফারহান। ফর্মের চূড়ায় থাকা পাকিস্তানের ডানহাতি ওপেনার ছাড়িয়ে গেলেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলিকে। শুধু তাই নয়, এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একই আসরে দুটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও গড়লেন তিনি।

শনিবার পাল্লেকেলেতে চলতি আসরের সুপার এইটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং পাওয়ার পর ফারহানের শতকে চড়ে তারা নির্ধারিত ২০ ওভারে তুলেছে ৮ উইকেটে ২১২ রানের বড় পুঁজি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তাদের সবচেয়ে বড় দলীয় সংগ্রহ। ২০১৬ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ২০১ রান ছিল পাকিস্তানিদের আগের সেরা।

এই সংগ্রহের পেছনে মূল ভিত্তি ছিল পাকিস্তানের বিস্ফোরক উদ্বোধনী জুটি। এই বিশ্বকাপে প্রথমবার ব্যাটিংয়ের সুযোগ পাওয়া ফখর জামানকে নিয়ে ফারহান যোগ করেন ৯৫ বলে ১৭৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যে কোনো উইকেট বিবেচনায় এটি সর্বোচ্চ জুটির রেকর্ড। আগের কীর্তিটি হয়েছিল এই আসরেই। চেন্নাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবিচ্ছিন্ন ১৭৫ রান যোগ করেছিলেন নিউজিল্যান্ডের টিম সাইফার্ট ও ফিন অ্যালেন।

৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করার পরের বলেই ক্যাচ দিয়ে দিলশান মাদুশঙ্কার শিকার হন ফারহান। ঠিক ১০০ রানের বিধ্বংসী ইনিংসে তিনি মারেন নয়টি চার ও পাঁচটি ছক্কা। তাণ্ডব চালিয়ে বাঁহাতি ফখর করেন ৮৪ রান। ৪২ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে নয়টি চার ও চারটি ছক্কা।

প্রতিপক্ষ অধিনায়ক দাসুন শানাকার করা পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলটি শর্ট ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে পাঠান ফারহান। এই চারের মাধ্যমে তিনি টপকে যান এক যুগ থেকে টিকে থাকা কোহলির কীর্তি। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্বকাপে ছয় ম্যাচে ৩১৯ রান করেছিলেন কোহলি। তার গড় ছিল ১০৬.৩৩ ও স্ট্রাইক রেট ছিল ১২৯.১৪। ছয় ইনিংসে ব্যাট হাতে ক্রিজে গিয়ে চারটিতেই ফিফটি করেছিলেন তিনি।

এই নিয়ে চলমান বিশ্বকাপে সাত ম্যাচের ছয় ইনিংস খেলে ফারহানের রান দাঁড়াল ৩৮৩। তার গড় ৭৬.৬০ ও স্ট্রাইক রেট ১৬০.২৫। দুটি করে ফিফটি ও সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। এর আগে কলম্বোতে নামিবিয়ার বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ফারহান বাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি সেঞ্চুরি আছে ক্রিস গেইলের। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি দুটি ভিন্ন আসরে (২০০৭ ও ২০১৬) শতক স্পর্শ করেছিলেন।

দুই নম্বর গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাদের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে নিউজিল্যান্ড (তিন ম্যাচে ৩ পয়েন্ট) ও পাকিস্তান (দুই ম্যাচে ১ পয়েন্ট)। সেমিতে জেতে হলে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানিদের। সেই সঙ্গে নেট রান রেটের হিসাবে টপকে যেতে হবে নিউজিল্যান্ডকে। সেজন্য আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া শ্রীলঙ্কাকে ১৪৭ বা এর চেয়ে কম রানে আটকাতে হবে তাদের।

Popular

More like this
Related

খামেনির পতন হলেও যেভাবে চলতে পারে ইরানের শাসনব্যবস্থা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা যে যুদ্ধে রুপ...

ইরানে হামলা মনিটর করছেন ট্রাম্প, কথা বলছেন নেতানিয়াহুর সঙ্গে: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগো থেকে...

‘ওয়েট অ্যান্ড সি’ মেসেজ পাঠিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর...

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী...