বিতর্ক আর অনিশ্চয়তার আবহেই স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশে উড়াল দিয়েছে পর্তুগালের ক্লাব বেনফিকা। দলে রয়েছেন আর্জেন্টাইন তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। অথচ বর্ণবাদী মন্তব্যের অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। তবুও ক্লাবের আপিলের ফলাফলের অপেক্ষায় তাকে নিয়েই সফরে গেছে দলটি।
২০ বছর বয়সী প্রেস্তিয়ানি লিসবন বিমানবন্দরে বেনফিকার অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে যাত্রা শুরু করেন এবং সেখানে উপস্থিত অসংখ্য সমর্থকদের মধ্যে সবচেয়ে বড় করতালি পান। পর্তুগীজ মিডিয়া জানিয়েছে, প্রেস্তিয়ানির দলের বাকিদের মধ্যে তিনি ছিলেন শেষ খেলোয়াড়, যিনি বিমানবন্দরে প্রবেশ করেন।
অভিযোগের সূত্রপাত প্রথম লেগের ম্যাচে, যেখানে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন যে তিনি প্রেস্তিয়ানি থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। এর পরপরই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আর্জেন্টাইন উইঙ্গারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে, ফলে বুধবার বার্নাব্যতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে।
তবে বেনফিকা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। ক্লাবটির দাবি, অভিযোগের পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলোয়াড়কে নিষিদ্ধ রাখা অন্যায্য। সে কারণেই নিষেধাজ্ঞা বহাল থাকলেও প্রেস্টিয়ানিকে দলসহ স্পেনে নেওয়া হয়েছে।
ক্লাব সভাপতি রুই কস্তা তার খেলোয়াড়ের পক্ষে অবস্থান নিয়ে বলেন, “আমি মাঠে ছিলাম না, কী বলা হয়েছে জানি না। কিন্তু আমি আমার খেলোয়াড়কে বিশ্বাস করি। প্রেস্তিয়ানিকে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, অথচ সে মোটেও বর্ণবাদী নয়।” তিনি আরও যোগ করেন, বেনফিকার দলে কখনোই বর্ণবাদী খেলোয়াড় রাখা হবে না, এমন কেউ থাকলে তিনিই সবার আগে ব্যবস্থা নিতেন।