রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার সকালে তিনি এ নির্দেশ দেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত ব্যানার দেখেন প্রধানমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়।
দ্য ডেইলি স্টারকে রুমন জানান, শহরের বিভিন্ন স্থানে বেশ কিছু প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দনমূলক বিজ্ঞাপন প্রদর্শন করছিল। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও যোগ করেন, কয়েক দিন আগে বিজয় সরণি দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে নিজের ছবিসহ অভিনন্দন বার্তা দেখে তিনি সেটিও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন।
এদিকে, বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পেয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রেস সচিব জানান, সোমবার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
রুমন বলেন, মোটা চাল মূলত প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ খান। এর দাম বাড়ার খবর পাওয়ামাত্রই প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এর ফলে বাজারে এরই মধ্যে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, আজ রাজধানীর যানজট ও যানবাহনের গতি সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিশেষ ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচল করায় ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়েছে, যানবাহনের গতি বেড়েছে।
রুমন বলেন, প্রতিবেদনে জানানো হয়েছে যে, আগে যেখানে রাজধানীতে যানবাহনের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার (যা প্রায় হাঁটার গতির সমান), সেখানে গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে দাঁড়িয়েছে। কারণ ভিভিআইপি চলাচলের জন্য রাস্তা বন্ধ রাখা হচ্ছে না। প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এখন ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন।
প্রধানমন্ত্রী প্রতিবেদনটি পর্যালোচনা করেছেন বলেও জানান আতিকুর রহমান রুমন।