প্রথম আলো-ডেইলি স্টারে হামলা নির্বাচন অনিশ্চিতের ষড়যন্ত্র: বিএনপি

Date:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকায় হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করছে বিএনপি।

আজ শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানায় দলটি।

সভায় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, হাদি হত্যাকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে একদল উচ্ছৃঙ্খল লোক অগ্নিসংযোগ করে। কর্মরত সাংবাদিকদের জীবন-মৃত‍্যুর ঝুঁকির মধ্যে ঠেলে দেয়। একইসঙ্গে সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজের সম্পাদক দেশবরেণ্য সাংবাদিক নূরুল কবীরের ওপর আক্রমণ করা হয়।

এ ছাড়া, ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে বিএনপি বলছে, এসব ঘটনা প্রমাণ করে একটি পুরোনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়।  অনেক রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দেশে ফ‍্যাসিবাদের নতুন সংস্করণ তৈরি করতে চায়।

‘সরকারের নাকের ডগায় এসব তৎপরতা চলছে’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, ‘দেশ-বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং জনগণ সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয়।’

‘হত্যাকারীদের বিচার দাবিতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করার মধ্যে এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি,’ বলা হয় ব্রিফিংয়ে।

শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে বিএনপির বক্তব্য, ‘এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস হতে দেবো না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সব রাজনৈতিক-সামাজিক শক্তির আজ ঐক‍্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।’

‘যে ঐক্যের মাধ্যমে আমরা ফ‍্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি, তারই ধারাবাহিকতাতে আমরা সব দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি,’ বলছে বিএনপি।

স্থায়ী কমিটির সভায় খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিউ এজ সম্পাদক নূরুল কবীরের ওপর হামলা, ধানমন্ডি-৩২ নম্বরে আবারও অগ্নিসংযোগ-ভাঙচুর, ছায়ানটে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইন্দিরা গান্ধী কালচালার সেন্টার ভাঙচুর-অগ্নিসংযোগ, উত্তরায় দোকান ভাঙচুর-অগ্নিসংযোগ, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যাসহ গতকালের বিভিন্ন সহিংস হামলার বিষয়ে আলোচনা হয়।

Popular

More like this
Related

এস আলমের বিরুদ্ধে ১৯৪৩ কোটি টাকা আত্মসাতের মামলা

জনতা ব্যাংক থেকে প্রায় এক হাজার ৯৪৩ কোটি টাকা...

নিরুত্তাপ আবহে রিশাদ-লিটন-সাইফের ঝলক

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কষ্ট আড়াল করতে আয়োজিত তিন...

বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি আসন থেকে বাংলাদেশ...

‘সাকিবকে দলে না চাইলে আপনি বোকার স্বর্গে বাস করছেন’

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বাস...