প্যারাগুয়ের পাশাপাশি ফিলাডেলফিয়ার তীব্র গরমও ফ্রান্সের প্রতিপক্ষ

Date:

চলতি বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের মিশনে রীতিমতো উড়ছে ফ্রান্স। আসরের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে প্রতি ম্যাচেই তিন বা তার বেশি গোল দিয়ে যাচ্ছে তারা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ জার্মানিকে বিদায় করে আসা প্যারাগুয়ে। তবে মাঠের প্রতিপক্ষের পাশাপাশি ফিলাডেলফিয়ার তীব্র গরমও চোখ রাঙাচ্ছে কিলিয়ান এমবাপেদের।

যুক্তরাষ্ট্রে ৪ঠা জুলাইয়ের ছুটির আমেজের মাঝেই দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। এই চরম আবহাওয়ার সতর্কবার্তার মধ্যেই ‘লিকন ফিনান্সিয়াল ফিল্ড’-এ মাঠে নামবে ফ্রান্স। শুক্রবারই সেখানকার তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচের দিনও একই রকম গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে ফরাসি কোচ দিদিয়ের দেশম এই গরম নিয়ে খুব একটা ভাবছেন না, ‘পরিস্থিতি কিছুটা কঠিন, তবে সব দলই এর জন্য প্রস্তুতি নিয়েছে। এটি টুর্নামেন্টে আমাদের পঞ্চম ম্যাচ হতে যাচ্ছে। ক্লান্তি থাকবেই, কিন্তু আমি শুধু গরম নিয়ে পড়ে থাকতে চাই না।’

এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৩ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছে ফ্রান্স। দলটির আক্রমণভাগে অসাধারণ খেলছেন কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলেরা।

প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো মনে করেন, আবহাওয়ার চেয়ে ফ্রান্সের আক্রমণভাগ সামলানোই তাদের জন্য বড় চ্যালেঞ্জ, ‘ফ্রান্স যেন এক বৈদ্যুতিক ঝড়। আমাদের সেই ঝড়ের বজ্রপাত সামলানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’

গরম প্রসঙ্গে তার মত, ‘আমরা গরমে অভ্যস্ত। তবে প্যারাগুয়েতে কখনো বিকেল ৫টায় খেলা হয় না। এটা অনেকটা ইকুয়েডরের উঁচু মাঠে খেলার মতো, যেখানে মানিয়ে নেওয়াটাই আসল।’

শেষ ৩২-এর ম্যাচে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে বুঝিয়ে দিয়েছে যে, ফ্রান্সের জন্য কাজটা সহজ হবে না। ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাও মনে করেন, প্যারাগুয়ে শারীরিক শক্তির ফুটবল খেলবে। তার ভাষ্য, ‘ওরা রক্ষণাত্মক খেলে এবং মাঠে বেশ ধাক্কাধাক্কি করবে। তবে জার্মানির বিপক্ষে ম্যাচেই দেখেছি যে ওরা ফুটবলটাও ভালো খেলে।’

বাংলাদেশ সময় ভোররাত ৩টায় মাঠে নামবে ফ্রান্স-প্যারাগুয়ে। 

 

Popular

More like this
Related

নতুন জেমস বন্ডের খোঁজ শুরু, ০০৭ চরিত্রটি কেমন হবে

'নামটা বন্ড, জেমস বন্ড'—দীর্ঘ ৬ দশক ধরে বিশ্ব চলচ্চিত্রের...

‘সমালোচক’ পোপ লিওর সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব কী নিয়ে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্যাথলিক চার্চের প্রধান পোপ...

‘সদ্যবিদায়ী’ মানবাধিকার কমিশনারদের খোলা চিঠি, আইনমন্ত্রী বললেন ‘ভুল ব্যাখ্যা’

জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ...

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে...