পেশাদার ক্রিকেট থেকে অবসরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার

Date:

ক্যারিয়ারজুড়ে নানা ধরনের চোটের সঙ্গে লড়াই ছিল তার নিত্যসঙ্গী। হাল ছেড়ে দিয়ে অবশেষে থামার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার কেইন রিচার্ডসন। ৩৪ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

সদ্যসমাপ্ত বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে মাত্র দুটি ম্যাচে মাঠে নামতে পারেন রিচার্ডসন। মঙ্গলবার প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত একটি বিবৃতিতে তিনি বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন।

বিদায়ী বার্তায় রিচার্ডসন বলেন, ‘বিগ ব্যাশের এবারের মৌসুম শেষে আমি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ২০০৯ সালে (ঘরোয়া ক্রিকেটে) অভিষেকের পর থেকে এখন পর্যন্ত আমার মনে হয়, আমি নিজের সামর্থ্যের শেষ বিন্দু নিংড়ে দিয়েছি এবং জীবনের এমন উপভোগ্য অধ্যায়টি শেষ করার এটাই সঠিক সময়।’

বিগ ব্যাশ লিগের শুরু থেকেই রিচার্ডসন ছিলেন অন্যতম পরিচিত মুখ। অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে রেনেগেডসের জার্সিতে শিরোপাও জিতেছিলেন। ক্যারিয়ারের ইতি টানার আগে বিগ ব্যাশের ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি রিচার্ডসন। ২৩.২১ গড়ে ও ৭.৮৭ ইকোনমি রেটে তার মোট উইকেটের সংখ্যা ১৪২টি।

বিবৃতিতে রিচার্ডসন আরও বলেন, ‘আমি  ধন্যবাদ জানাতে চাই আমার ক্যারিয়ার গঠনে সাহায্যকারী সকল কোচ, সংগঠক ও সতীর্থ খেলোয়াড়কে— বিশেষ করে, দক্ষিণ অস্ট্রেলিয়া ও নর্দার্ন টেরিটরিতে আমার শুরুর দিনগুলোর সহযোগীদের।’

‘দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন জায়গার ফ্র্যাঞ্চাইজি দলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সৌভাগ্যবান। আমি এই সুযোগগুলোকে কখনোই হালকাভাবে নেইনি। আর আশা করি, দর্শকরা এটা জানতেন যে, ডারউইনে কাটানো শৈশব থেকেই আমি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছি,’ যোগ করেন তিনি।

২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ২৫টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন রিচার্ডসন। তিনি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের গর্বিত সদস্য ছিলেন। এছাড়া, ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেন।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ডানহাতি পেসার রিচার্ডসন খেলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। আইপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট, দ্য হান্ড্রেড ও আইএল টি-টোয়েন্টিতে তাকে দেখা গেছে।

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে ‘বিপাকে’ ভারত

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে...

বিশ্বকাপের সময় বিসিবির আয়োজনে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে না।...

ওসমান হাদির মরদেহ ঢাকায়, জানাজা কাল দুপুরে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট...

তিন দলের ঘরোয়া টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর স্থবির হয়ে...