যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মুখে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোর কাছে ইরান ‘আত্মসমর্পণ’ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
সংবাদ মাধ্যম আল জাজিরা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের ওপর আর হামলা করবে না।’
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণেই ইরান এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে।
তবে এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া ভাষণে জানান, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো হামলা চালানো হবে না।
সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশও করেন তিনি।
ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। কিন্তু এখন তারা আশপাশের দেশগুলোর কাছে পরাজিত হয়েছে।’
তার ভাষায়, হাজার বছরের ইতিহাসে এই প্রথম ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে পরাজিত হয়েছে এবং বহু বছর এমনই থাকবে—যতক্ষণ না তারা আত্মসমর্পণ করে বা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে।
তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে ধন্যবাদ জানিয়েছে এবং তিনি তাদের স্বাগতম জানিয়েছেন।
পোস্টে ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের ‘লুজার’ অ্যাখ্যা দিয়ে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানান।
বলেন, এসব গোষ্ঠী এখন পর্যন্ত হামলার তালিকায় ছিল না।