পূর্বধলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত এমপি আসায় মুক্তিযোদ্ধাদের ‘বয়কট’

Date:

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য উপস্থিত থাকায় নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

আজ বৃহস্পতিবার সকালে পূর্বধলার জগত মনি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা-৫ আসনে জামায়াতের এমপি মাসুম মোস্তফা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকায় পূর্বধলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেননি।

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মো. রাজিবুল ইসলাম রাজীব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আগেই জানিয়েছিলাম যে, জামায়াতের এমপি থাকলে আমরা কেউ অনুষ্ঠানে যাব না। তিনি চলে যাওয়ার পর আমরা অংশগ্রহণ করি।’

পূর্বধলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের কমান্ডারের নির্দেশ ছিল বয়কট করার। জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি—তাই তাদের উপস্থিতিতে আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারি না।’

বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান বলেন, ‘আমরা প্রশাসনকে আগেই জানিয়েছিলাম। জামায়াত এমপি আসার খবর পেয়ে আমরা যাইনি। পরে তিনি চলে গেলে প্রশাসনের অনুরোধে আমরা পরের অনুষ্ঠানে অংশ নেই এবং সম্মাননা গ্রহণ করি।’

তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হয়েছে।

জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান ডেইলি স্টারকে বলেন, ‘সব মুক্তিযোদ্ধা নন, কয়েকজন সকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। কুচকাওয়াজ শেষে তারা সবাই যোগ দেন। মুক্তিযোদ্ধাদের মূল অনুষ্ঠানে এমপি উপস্থিত ছিলেন না।’

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে এমপি মাসুম মোস্তফা বলেন, ‘স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপির একটি অংশ আমার অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল। আমি প্রশাসনকে আগেই বলেছিলাম সব কর্মসূচিতে অংশ নেব। তবে একটি গ্রুপ বয়কট করায় পরিস্থিতি বিবেচনায় আমি তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকিনি।’

Popular

More like this
Related

পঞ্চগড়ে বাস খাদে পড়ে আহত ৭

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত...

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জনসহ...

ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা

ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে...

বিসিবি সংকটে বিচলিত নন ফারুক, মাশরাফির জন্য খোলা দরজা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান সংকট ও দুই পরিচালকের...