পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পাগল কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এই ঘটনা ঘটে। এত অল্প সময়ের মধ্যে এত মানুষ আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস, শ্রীরামপুর, রাজাখালী, পীরতলা বন্দর, দুমকি ও জলিশা এলাকায় কুকুরটি একের পর এক মানুষকে কামড়াতে থাকে। আহত ব্যক্তিদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লুথারন হেলথ কেয়ারে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশির ভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
একসঙ্গে এত রোগী হাসপাতালে ভিড় করায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
আহতদের মধ্যে আছেন আবদুল্লাহ (১৯), ইউসুফ, মফিজুর রহমান (৭০), তানিয়া (সাড়ে ৩ বছর), মাহিনুর বেগম (৩৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), নাইমুল (২), মাধবী রানী (৪০), জান্নাতুল ফেরদৌস (১৮), খোকন (৪০) ও আবদুল লতিফ মৃধা (৮০)।
স্থানীয়রা জানান, বেপরোয়া কুকুরটি পথচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে প্রশাসনের নির্দেশে পবিপ্রবির নিরাপত্তাপ্রহরী, গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গ্রামীণ ব্যাংক সড়কের একটি বাড়িতে কুকুরটিকে আটক করতে সক্ষম হয়।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন নেই। আহতদের জন্য দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’