নোয়াখালীতে বুলুর নির্বাচন কমিটি গঠনের সভায় হামলা-ভাঙচুর

Date:

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক বিএনপি নেতা বলেছেন, হামলাকারীরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সদস্য। অন্যদিকে পুলিশ বলছে, অন্তর্দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ফাজিল মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার পরিদর্শক মো. হাবিবুর রহমান।

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম চুন্নু বলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু। আজ বিকেলে নির্বাচন পরিচালনা কমিটি গঠনে একটি সভার আয়োজন করে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রায় তিনশ নেতাকর্মী অংশ নেন। হঠাৎ মুখোশ পরা ৫০-৬০ জন যুবক এসে হামলা চালায়। এক পর্যায়ে তারা উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কোপানোর চেষ্টা করেন। পরে সভাস্থল ও মঞ্চ ভাঙচুর করে তারা চলে যায়। হামলাকারীরা যাওয়ার সময় বলেন—এখানে কোনো সভা করা যাবে না।

তিনি আরও বলেন, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সম্রাট বাহিনী ও খালাসি বাহিনীর সদস্য। আমি তাদের কয়েকজনকে আদালত আঙিনায় আগে দেখেছি। পুলিশকে তাৎক্ষণিক জানানো হলেও তারা আসেনি।

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস ডেইলি স্টারকে বলেন, নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে একটি গণ্ডগোল হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।

বেগমগঞ্জ থানার পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম দোয়া মাহফিলের আয়োজন করলে সাবেক সভাপতি মহিউদ্দিন টিপু লোকজন নিয়ে বাধা দেন ও ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

Popular

More like this
Related

‘মিরাকলের’ আশায় বুলবুল, ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার সভা

ভেন্যু বদল না করার সিদ্ধান্ত জানিয়ে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি...

মাহফুজ ও আসিফের পদত্যাগ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে: প্রেস উইং

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা...

‘হয়তো আমাদের কপালের দোষ’, মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেটারদের হতাশা

আদর্শ টি-টোয়েন্টির প্রস্তুতি বিবেচনায় এমন উইকেট পাওয়ার দায় আসলে...

ধর্ষণচেষ্টার অভিযোগে ময়মনসিংহে ইউপি সদস্য কারাগারে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি)...