নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১১০ আসনে এগিয়ে আছে।
গত বছর দেশটিতে জেন-জি অভ্যুত্থানে সরকার পতনের পর অনুষ্ঠিত এ নির্বাচন জয় পেলে সরকার গঠন করবে তরুণদের এই দলটি।
আজ শুক্রবার সন্ধ্যায় কাঠমান্ডু পোস্ট জানায়, আরএসপি ১১০টি আসনে এগিয়ে আছে এবং ৩টি আসনে জয় নিশ্চিত করেছে।
নেপালের প্রাচীনতম দল নেপালি কংগ্রেস ১০ আসনে এগিয়ে এবং দুটিতে জয় নিশ্চিত করেছে।
সাবেক প্রধানমন্ত্রী অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) ১১টি আসনে এগিয়ে এবং নেপালি কমিউনিস্ট পার্টি ৮টি আসনে এগিয়ে আছে।
এছাড়া, শ্রম সংস্কৃতি পার্টি ৪টি আসনে এগিয়ে, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও জনতা সমাজবাদী পার্টি-নেপাল একটি করে আসনে এগিয়ে আছে।
দুজন স্বতন্ত্র প্রার্থীও তাদের নিজ নিজ আসনে এগিয়ে আছেন।
এখনো বেশ কয়েকটি আসনে গণনা চলছে। সব আসনের ভোট গণনা শেষ হলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নেপালের নির্বাচন কমিশন।
নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘প্রতিনিধি পরিষদের’ মোট ২৭৫টি আসনের মধ্যে ১৬৫টি আসনে সরাসরি নির্বাচন হচ্ছে। এতে প্রার্থিতা করেছেন তিন হাজার ৪০০ জন প্রার্থী।
পার্লামেন্টের বাকি ১১০ আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে।
গতকাল অনুষ্ঠিত ভোটে অংশ নিয়েছেন ৫৯ শতাংশ ভোটার।
চূড়ান্তভাবে আরএসপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তরুণদের নেতা একসময় হিপহপ মিউজিকের সঙ্গে জড়িত র্যাপার ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়েছিলেন, যা ছিল নজিরবিহীন ঘটনা।