আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর জন্য ব্রাজিলের দল গঠন নিয়ে তুমুল বিতর্ক চলছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন দেশটির পোস্টার বয় নেইমার। ইনজুরি এবং ফিটনেস সমস্যার কারণে তিনি বর্তমানে দলের বাইরে রয়েছেন। সম্প্রতি ব্রাজিলের দুই কিংবদন্তি ফুটবলার, ১৯৯৪ বিশ্বকাপ জয়ী রোমারিও এবং ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদো নাজারিও, নেইমারকে দলে ফেরানোর জন্য জোরালো দাবি জানিয়েছেন। এই দুই কিংবদন্তির মন্তব্যের প্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি।
বোস্টনে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন আনচেলত্তি। সেখানে স্বাভাবিকভাবেই নেইমারকে নিয়ে রোমারিও এবং রোনালদোর মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে।
আনচেলত্তি খুব শান্তভাবেই এই চাপের মোকাবিলা করেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেন। সবার মতামতের প্রতি শ্রদ্ধা, কিন্তু সিদ্ধান্ত কোচের। কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি সবকিছু পর্যবেক্ষণ করছি, আমি সবকিছু শুনছি। আমি জানি মানুষ কী ভাবছে এবং কিংবদন্তিরা কী বলছেন। তবে আমার দায়িত্ব হলো সিদ্ধান্ত নেওয়া।’
তিনি যোগ করেন, ‘সবার মতামতের প্রতি আমার শ্রদ্ধা আছে। এটা স্বাভাবিক যে একেকজনের একেক রকম মতামত থাকবে, কারণ ফুটবল কোনো বিশ্ববিদ্যালয় বা ধ্রুব বিজ্ঞান নয় যেখানে সবার উত্তর এক হবে। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিকোণ এবং চিন্তাধারা আছে এবং আমি সেই মতামতের প্রতি শ্রদ্ধাশীল।’
আনচেলত্তির এই মন্তব্য থেকে স্পষ্ট যে, তিনি কিংবদন্তিদের পরামর্শকে গুরুত্বপূর্ণ মনে করলেও, চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিজের বিশ্লেষণ এবং দলের প্রয়োজনের ওপর ভিত্তি করেই নপ্রশ্ন
এর আগে নেইমারকে দলে নেওয়ার পক্ষে বেশ কড়া ভাষায় সওয়াল করেছিলেন রোমারিও। তিনি আনচেলত্তিকে ফিটনেস মেট্রিক্সের চেয়ে প্রতিভাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান, ‘একজন তারকা খেলোয়াড়কে খেলতেই হবে। জাতীয় দল হলো সেরা এবং সবচেয়ে মেধাবীদের জায়গা। বিশ্বকাপের প্রস্তুতি এক মাস স্থায়ী হয়—যা একজন অ্যাথলেটের শারীরিক ও প্রযুক্তিগতভাবে ফিরে আসার জন্য, ম্যাচের ছন্দ ফিরে পেতে এবং দলের সঙ্গে রসায়ন তৈরির জন্য যথেষ্ট সময়। ১০০ ভাগ ফিট না থাকলেও নেইমারের মতো একজন তারকা খেলোয়াড়কে দলে রাখা অন্য যেকোনো খেলোয়াড়কে ডাকার চেয়ে ভালো।’
অন্যদিকে রোনালদো নাজারিও আশা প্রকাশ করেন , নেইমার শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, ‘যদি নেইমার শারীরিকভাবে ফিট থাকে, তবে আমি তাকে বিশ্বকাপে নিয়ে যেতাম। আমি আশা করছি সে শারীরিকভাবে সুস্থ হবে। সে সুস্থ থাকলে আমি নিশ্চিত যে আনচেলত্তি তাকে দলে নেবে। সে দলকে সাহায্য করতে পারবে।’
রোমারিও এবং রোনালদোর এই মন্তব্যগুলো আসার পেছনে একটি বিশেষ কারণও ছিল। সম্প্রতি সিএনএন-এর একটি প্রতিবেদনে দাবি করা হয় যে, নেইমারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা ‘প্রায় শূন্য’। ইনজুরি এবং ফিটনেস সমস্যার পাশাপাশি ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও নেইমারের অভ্যন্তরীণ সম্পর্কের টানাপোড়েন চলছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
সিবিএফ কর্মকর্তারা নেইমারের কিছু আচরণে অসন্তুষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে প্রস্তুতি ম্যাচগুলো থেকে বাদ পড়ার পর নেইমারের প্রতিক্রিয়া তাদের ভালো লাগেনি। কর্মকর্তাদের ধারণা, নেইমার মিডিয়া এবং ভক্তদের আবেগকে কাজে লাগিয়ে ফেডারেশনের কর্তৃপক্ষের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করছেন এবং একটি ‘আমরা বনাম তারা’ পরিস্থিতি তৈরি করতে চাইছেন।