নির্বাচনী আচরণবিধি ভঙ্গে ৯৪টি মামলা হয়েছে: ইসি আনোয়ারুল ইসলাম

Date:

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জানুয়ারির প্রথম ১৯ দিনে সারা দেশের ১২৮টি নির্বাচনী এলাকায় আচরণবিধি ভঙ্গের ১৪৪টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৯৪টি মামলায় মোট ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল প্রকাশ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, দুই ভোটের ফল পেতে শেষ রাত বা পরের দিন পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি বলেন, ‘অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে আমি বলবো না শতভাগ আচরণবিধি কার্যকর হয়েছে। কিন্তু আপনারা রাস্তাঘাটে মাঠে ময়দানে বাজারে গেলে বুঝতে পারবেন এত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কারণ কী। কারণ, প্রার্থী এবং দল মনোনয়নপত্রের সঙ্গে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারের বহিঃপ্রকাশ।’

রিটার্নিং কর্মকর্তা ও মাঠপর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই উদ্বুদ্ধকরণের ফলে আমরা আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে।’

নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এই দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের তুলনায় আমরা মনে করি, সবচেয়ে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান।’

তিনি আরও বলেন, ‘গণভোট একটা ইলেকশনের সঙ্গে যোগ হয়েছে। সর্বোচ্চ সতর্কতা এবং লোকবলের বিষয়গুলো বিবেচনায় নিয়ে যাতে কাঙ্ক্ষিত সময়ের ভিতরে রেজাল্ট প্রকাশ করা যায়, সেই চেষ্টাটা আমরা করছি, করব।’

গণভোটে নির্বাচন কমিশনের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। নির্বাচনী কাজের দায়িত্বে যারা থাকবেন, তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। এটি নির্বাচনী দায়িত্বে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তারা গণভোটের প্রচার করবেন। কিন্তু পক্ষে-বিপক্ষে যাবে না।’

সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিচ্ছেন—এটি কতটা আইনসংগত, এমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার হিসেবে আমি কোনো মন্তব্য করতে রাজি না।’

ইসি স্বাধীন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা কারোর কাছে দায়বদ্ধ না, আমরা আইনের কাছে দায়বদ্ধ। সংবিধান এবং আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো একটি পক্ষ নিলে সাধারণ মানুষ প্রভাবিত হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গণভোট তো সবাই চাচ্ছে। সেটার প্রেক্ষিতেই গণভোটটা হচ্ছে।’

সোমবার জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি ইসিতে এসে হামলার অভিযোগ করেছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগগুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হয়েছে এবং তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

ইসির প্রতি মানুষের অনাস্থা কাটছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা তো বিশ্বাস করি, এখন আস্থা-অনাস্থার বিষয়টি হচ্ছে জনগণের বিষয়। শতভাগ আস্থার সঙ্গে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে বলে আমরা মনে করি।’ 

‘রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ মাঠে-ঘাটে নির্বাচন প্রচারণা চলছে। এগুলো তো আস্থারই বহিঃপ্রকাশ’, তিনি যোগ করেন।

জাতীয় পার্টি নির্বাচন করছে, অথচ দলটি নিষিদ্ধ করার দাবি উঠেছে—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে এরকম কোনো আদেশ পাইনি। সুতরাং যারা নিবন্ধিত দল যারা মনোনয়ন পেয়েছেন, তারা নির্বাচন করবেন।’

Popular

More like this
Related

ক্ষমতায় গেলে চাঁদাবাজ-দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না: জামায়াত আমির

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, 'ক্ষমতায় গেলে আমরা চাঁদাবাজের...

নওগাঁয় ডাম্প ট্রাকচাপায় ভ্যানের ৪ যাত্রী নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্প ট্রাকচাপায় ভ্যানের চার যাত্রী নিহত...

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ২৩৩

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুপক্ষের সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম...

নির্বাচনে মাত্র ৭৮ নারী প্রার্থী, এক-তৃতীয়াংশই পারিবারিক সূত্রে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৭৮ জন নারী প্রার্থী...