নিজে গোল করার চেয়ে বিশ্বকাপ জেতার দিকেই বেশি মন ইয়ামালের

Date:

স্পেনের হাতে যদি বিশ্বকাপের সোনালী ট্রফিটা ওঠে, তবে তিনি নিজে গোল পেলেন কি পেলেন না—তা নিয়ে কেউ হিসাব কষতে বসবে না। বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানের রুদ্ধশ্বাস জয়ের পরও নিজের নামের পাশে গোল না দেখে এমনটাই মন্তব্য করেছেন স্প্যানিশ তরুণ সেনসেশন লামিন ইয়ামাল।

চলতি বিশ্বকাপে যখন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড কিংবা হ্যারি কেনের মতো বড় তারকারা গোলবন্যা ভাসাচ্ছেন, সেখানে ১৮ বছর বয়সী ইয়ামালের ঝুলিতে রয়েছে মাত্র এক গোল। তা-ও এসেছে গ্রুপ পর্বে সৌদি আরবের বিরুদ্ধে ৪-০ ব্যবধানের এক একপেশে ম্যাচে।

তবে গোলখরা নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না বার্সেলোনার এই উইঙ্গার। লস অ্যাঞ্জেলেসের ম্যাচ শেষে অবলীলায় বললেন, ‘অবশ্যই গোল করতে ভালো লাগে, তবে গোল করার তাড়না নিয়ে আমি মাঠে নামি না। আমার মাথায় থাকে কেবল দলকে সাহায্য করার চিন্তা।’ 

সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে দলের প্রতি নিবেদিতপ্রাণ এই ফুটবলার আরও যোগ করেন, ‘আমরা যদি বিশ্বকাপটা জিততে পারি, তবে আমার গোল না পাওয়ার আফসোস কেউ মনে রাখবে না। দিনশেষে ট্রফি জয়টাই শেষ কথা।’

দলের জয়ে নিজের ভূমিকা নিয়ে ইয়ামালের উপলব্ধি বেশ পরিপক্ব, ‘আমি জানি গোল না করেও দলে কতটা অবদান রাখা যায়। মাঠের ভেতর আমার মুভমেন্ট যে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখে এবং অন্য সতীর্থদের জন্য জায়গা তৈরি করে দেয়, সেটা আমি বুঝি। তাই দলের প্রয়োজনে আমি আমার সর্বোচ্চটা দিতে প্রস্তুত।’

দুই বছর আগে মাত্র ১৬ বছর বয়সে ইউরো চ্যাম্পিয়নশিপের মঞ্চে স্পেনের জার্সিতে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল ইয়ামালের। স্প্যানিশদের সেই ইউরো জয়ের অভিযানেও তিনি পুরো টুর্নামেন্টে করেছিলেন মাত্র একটি গোল। তবে সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জেতার ম্যাচে তার সেই চোখধাঁধানো দূরপাল্লার বাঁকানো শটের গোলটি এখনও ফুটবলপ্রেমীদের চোখে লেগে আছে।

স্মিত হেসে ইয়ামাল মনে করিয়ে দিলেন সেই স্মৃতি, ‘সবার মনে একটা ধারণা জন্মেছে যে আমার আরও বেশি গোল করা উচিত। কিন্তু একটা গোল নিয়েও তো আমরা ইউরো জিতেছিলাম। এবারও আমার একটা গোল হয়ে গেছে, তাই এ নিয়ে আমি একেবারেই শান্ত আছি।’

তবে সেমিফাইনালের ঠিক আগের দিন ১৯ বছরে পা দিতে যাওয়া ইয়ামালের বুট থেকে আরও কিছু জাদুকরী মুহূর্তের অপেক্ষায় থাকবে স্পেন। কারণ ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্স।

ফরাসিদের রুখে দেওয়ার ব্যাপারে অবশ্য বেশ আত্মবিশ্বাসী এই তরুণ তুর্কি। হুঙ্কার ছেড়ে ইয়ামাল বলেন, ‘এখানে দুটো সম্ভাবনাই আছে—হয় তারা টানা তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠবে, না হয় আমরা তাদের টানা তিনবার হারিয়ে বিদায় করব। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

ফরাসিদের কোনো রকম সমীহ না করেই ইয়ামালের শেষ কথা, ‘কাউকে ভয় পাওয়ার পাত্র আমরা নই।’

 

Popular

More like this
Related

সহিংসতার মধ্যেও বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট

বিচ্ছিন্ন সহিংসতা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকলেও পশ্চিমবঙ্গের...

শহরের এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন পাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়

শহরাঞ্চলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে অব্যবহৃত...

আইসিটি প্রসিকিউটররা কি সাংবাদিকদের প্রশ্নকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করতে পারেন?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যে পরিমাণ ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন,...

২.৩ বিলিয়ন ডলারে বাংলাদেশি-আমেরিকান নিহাদের নেতৃত্বাধীন স্টার্টআপ কিনছে উবার

যুক্তরাষ্ট্রের স্টার্টআপ ‘ইজিকেটার’ ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে কিনে...