নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির।
বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিস্ফোরণের ঝাঁকুনিতে আশপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়িগুলোর জানালার কাচ ভেঙে পড়ে।
কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে সার্ভিসের কর্মকর্তা শাহজাহান বলেন, ‘তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’