‘নব্য ফ্যাসিবাদের’ হাত থেকে মুক্তির প্রার্থনা বিরোধীদলীয় নেতার

Date:

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় অস্বীকারের মধ্য দিয়েই দেশে ‘নতুন করে ফ্যাসিবাদের যাত্রা’ শুরু হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা এই যাত্রা থামিয়ে দেব, এগোতে দেব না।’

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব বলেন।

বাংলাদেশকে ‘নব্য ফ্যাসিবাদের’ হাত থেকে মুক্তির প্রার্থনা জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ, এই দেশকে নব্য ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করুন।’

তিনি সবাইকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই লড়াই কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়—এটা জনগণের জন্য। ন্যায় ও সত্যের এই লড়াইয়ে বিজয় জনগণেরই হবে।’

সংসদের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সংসদ জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি ও সম্মান করতে ব্যর্থ হয়েছে।’ তাই গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ছেড়ে জনগণের কাছেই ফিরে যাওয়ার কথা জানান তিনি।

‘গত পরশু জনগণকে সঙ্গে নিয়ে প্রথম কর্মসূচি পালন করা হয়েছে। এটাই শুরু। এই আন্দোলন ১৮ কোটি মানুষের জন্য,’ বলেন তিনি।

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা নিজেদের দলের ভেতর গণতন্ত্র চর্চা করতে পারে না, তারা দেশের মানুষকে গণতন্ত্র বা নিরাপত্তা দিতে পারবে না।’

নির্বাচনে জনগণের রায় ‘হাইজ্যাক’ করা হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘জনগণ রায় দিয়েছে, কিন্তু তা ছিনতাই করা হয়েছে।’
তিনি দাবি করেন, “৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছে—এটাই তার প্রমাণ।”
শফিকুর রহমান বলেন, “আমরা ‘হ্যাঁ’র পক্ষে ছিলাম, আছি এবং থাকব। সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব—আদায় করে নেব ইনশাআল্লাহ।”

Popular

More like this
Related

ধানের দাম আরও কমেছে, বিপাকে হাওরের কৃষকেরা

টানা বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে ফসল শুকাতে পারছেন...

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা

বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীনে ২০২৬...

রেশন পাচার মামলায় নুসরাত জাহানকে তলব

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের  (টিএমসি) সাবেক এমপি...

আর্টেমিস-২ মিশন: চাঁদের যে অংশ এবারই প্রথম দেখবে মানুষ

আর্টেমিস-২ মিশনে চার নভোচারী চাঁদ প্রদক্ষিণ করে এমন অঞ্চল...