নগরকান্দায় ২ পক্ষের সংঘর্ষে আহত ১১, বাড়িঘর ভাঙচুর

Date:

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। এ সময় ১২টি বাড়ি ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাঁচ দফায় উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ ও পাশের গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন মশিউর মোল্লা ও জিয়ার মোল্লা। অন্যদিকে তালুকদার গ্রুপের নেতৃত্ব দেন সলেমান তালুকদার ও রবি তালুকদার। তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির জেরে আজ দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। কয়েক দফায় চলে এ সংঘর্ষ। এতে অন্তত ১১ জন আহত হন। এ সময় ১২টি বাড়ি ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অভিজিৎ সাহ ডেইলি স্টারকে বলেন, সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, পুলিশ সদস্য কম থাকায় প্রথম দিকে সংঘর্ষ ঠেকাতে বেগ পেতে হয়। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ এনে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Popular

More like this
Related

এআই কি আমাদের মধ্যে ফারাক বাড়াচ্ছে?

বৈশ্বিক পরিস্থিতি জানতে নিয়মিত বিশ্বব্যাংকের টেলিযোগাযোগ সম্পর্কিত প্রতিবেদনগুলো পড়ি।...

দীর্ঘ যাত্রা শেষে পৃথিবীর পথে নভোচারীরা

পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার...

কোহলির কারণেই এখন ক্রিকেট অনুসরণ করেন জোকোভিচ!

বিরাট কোহলি—ক্রিকেট বিশ্বের এমন এক নাম যার জনপ্রিয়তা এখন...

৫ তারকার স্মৃতিতে পহেলা বৈশাখ

আজ পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনটি বাঙালির জীবনে...