এবারের ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ও রেদওয়ান রনির ‘দম’ দেশের পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে।
‘বনলতা এক্সপ্রেস’
দেশের প্রেক্ষাগৃহে সাড়া ফেলার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানিম নূর নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। গতকাল শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দেখা যাচ্ছে সিনেমাটি। পরিচালক ও পরিবেশক প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মস বিষয়টি নিশ্চিত করেছে।
বঙ্গজ ফিল্মস জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাংকসটাউন, ক্যাম্পবেলটাউন, ক্যারোসলসহ শহরটির ১৯টি প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাচ্ছে। এ ছাড়া আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাবে।
একটি ট্রেনযাত্রাকে ঘিরে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার গল্প এগিয়েছে, যেখানে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
‘দম’
ঈদুল ফিতরে দেশে মুক্তির পর মাল্টিপ্লেক্সগুলোতে চলছে রেদওয়ান রনি নির্মিত সিনেমা ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী প্রমুখ।
এবার আন্তর্জাতিক অঙ্গনেও যাত্রা শুরু করেছে সিনেমাটি। গতকাল ২৭ মার্চ থেকে আগামীকাল ২৯ মার্চ পর্যন্ত সিনেমাটি অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে।
গতকাল ব্যাংকসটাউনের একটি প্রেক্ষাগৃহে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় প্রসপেক্টে এবং সমাপনী দিন, অর্থাৎ আগামীকাল ২৯ মার্চ সন্ধ্যা ৬টায় ওয়েরিবি হলে ‘দম’ সিনেমাটি দেখা যাবে।