দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই নিহত

Date:

পটুয়াখালীর আমতলীতে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই জহিরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার হলদিয়া ইউনিয়নে আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন। 

তিনি বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মুনসুর সিকদারকে (৪০) আটক করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী শেফালি বেগমকেও থানায় আনা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুনসুর সিকদার ও তার ভাই ফরিদ সিকদারের মধ্যে ২৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। 

প্রতক্ষ্যদর্শীদের ভাষ্য, ঘটনার সময় মুনসুর সিকদার ধারালো ছুরি নিয়ে ফরিদ সিকদারকে ধাওয়া করেন। এ সময় বাধা দিতে গেলে তিনি চাচাতো ভাই জহিরুল ইসলামকে ছুরিকাঘাত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জরুরি বিভাগের চিকিৎসক রাশেদ মাহমুদ ডেইলি স্টারকে বলেন, নিহত জহিরুলের বাম পাজরে ধারালো ছুরির আঘাত রয়েছে। হাসপাতালে আনার আগেই জহিরুলের মৃত্যু হয়।

নিহতের স্ত্রী নুপুর বেগম বলেন, ‘আমার স্বামী নিরপরাধ ছিল। সে শুধু বিরোধ থামাতে গিয়েছিল। আমি এ ঘটনার বিচার চাই।’ 

ওসি জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Popular

More like this
Related

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট

রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আজ বুধবার...

কালীগঞ্জে জমে উঠেছে ‘জামাই মেলা’

পৌষসংক্রান্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী...

‘কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে’

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন ত্রয়োদশ...

৪ বছরে কুতুকছড়ি সেতুর কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ

দফায় দফায় মেয়াদ বাড়ানো হলেও চার বছরেও শেষ হয়নি...