প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে।
তারা ইসরায়েল-যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেন।
গতকাল বৃহস্পতিবার এই ফোনালাপ হয় বলে রাতে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি জানান, আলাপকালে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন।
শিবলী বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের খেয়াল রাখার জন্য প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও তার দেশের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি জানান, আলাপকালে তারেক রহমান মোহাম্মদ বিন জায়েদকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণ করেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং তার দেশের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রেস সচিব বলেন, তারা এই অঞ্চলে সংঘাতের বিস্তার রোধে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর এর মারাত্মক প্রভাব মোকাবিলায় অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
শিবলী আরও যোগ করেন যে, তারা সমস্যা নিরসনে এবং একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে সংলাপ ও কূটনৈতিক উপায়ের গুরুত্বের ওপর জোর দেন।