তানজিদের রেকর্ড সেঞ্চুরিতে রাজশাহীর ১৭৪ রানের পুঁজি

Date:

ক্রিস গেইল ও তামিম ইকবালের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করলেন তানজিদ হাসান তামিম। আরেকটি অর্জনে বাঁহাতি ওপেনার ছাড়িয়ে গেলেন সবাইকে। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে সব মিলিয়ে তিনটি শতক হাঁকানোর রেকর্ডও গড়লেন তিনি। তার নৈপুণ্যে ফাইনালে চ্যালেঞ্জিং পুঁজি গড়ল রাজশাহী ওয়ারিয়র্স।

শুক্রবার প্রতিযোগিতার দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করেছে রাজশাহী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পুরো ২০ ওভার খেলে তারা তুলেছে ৪ উইকেটে ১৭৪ রান। তানজিদ খেলেন ঠিক ১০০ রানের আগ্রাসী ইনিংস। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও সাতটি ছক্কা। ৬১ বলে সেঞ্চুরি স্পর্শের পরের বলেই অবশ্য সাজঘরে ফিরতে হয় তাকে।

তানজিদ অবশ্য দুবার বেঁচে যান ক্যাচ তুলে, ব্যক্তিগত ৫৪ ও ৮৮ রানে। প্রথমবার মুকিদুল ইসলাম মুগ্ধ ও পরেরবার আসিফ আলী বল মুঠোয় জমাতে পারেননি। দুবারই দুর্ভাগা বোলার ছিলেন আমির জামাল। শেষমেশ মুকিদুলের বলে জামালের ক্যাচে পরিণত হয়ে থামেন তানজিদ।

তানজিদের আগে ২০১৭ সালের বিপিএলের ফাইনালে রংপুর রাইডার্সের হয়ে গেইল ও ২০১৯ সালের আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তামিম সেঞ্চুরি পেয়েছিলেন। এই নিয়ে টানা তিন আসরে সেঞ্চুরির স্বাদ নিলেন ২৫ বছর বয়সী তারকা। ২০২৪ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ও গত বছর ঢাকা ক্যাপিটালসের হয়ে শতকের দেখা পেয়েছিলেন তিনি।

রাজশাহীর উদ্বোধনী জুটির শুরুটা হয় দেখেশুনে। তবে সুযোগ পেলে বাউন্ডারি মারতে পিছপা হননি তানজিদ। পাওয়ার প্লের ৬ ওভারে আসে বিনা উইকেটে ৪০ রান।

শরিফুল ইসলামের করা তৃতীয় ওভারে টানা ছক্কা ও চার মারেন তানজিদ। পঞ্চম ওভারে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান আক্রমণে এলে তাকে চার মেরে অভ্যর্থনা জানান আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। ওই ওভারের সমাপ্তি ঘটে তানজিদের ছক্কায়।

সব উইকেট হাতে থাকার পুরো ফায়দা নিয়ে পাওয়ার প্লের পর আরও উত্তাল হয়ে তানজিদের ব্যাট। সঙ্গী ফারহানের ভূমিকা ছিল মূলত দর্শকের। সপ্তম ওভারে শেখ মেহেদী বোলিংয়ে ফিরলে টানা দুটি ছক্কা হাঁকান তানজিদ। পরের ওভারে তানভীর ইসলামকে ছক্কায় ওড়ান ফারহান। নবম ওভারে চার বলের মধ্যে ফের জোড়া ছক্কা আসে তানজিদের কাছ থেকে।

ছক্কার ভেলায় চড়ে ৩১ বলে ফিফটি পূর্ণ করেন তানজিদ। ততক্ষণে তার নামের পাশে জ্বলজ্বল করছিল ছয়টি ছক্কা। ইনিংসের মাঝপথে রাজশাহীর পুঁজি দাঁড়ায় বিনা উইকেটে ৮২ রান।

আর ১ রান যোগ হওয়ার পরই বিচ্ছিন্ন হয় উড়তে থাকা উদ্বোধনী জুটি। ছক্কা মারার চেষ্টায় মুকিদুলের বলে জামালের তালুবন্দি হন ফারহান। অনেকটা সময় ক্রিজে থাকলেও তেমন সুবিধা করতে পারেননি তিনি। ৩০ বলে দুটি চার ও একটি ছক্কায় তার সংগ্রহ ৩০ রান।

তিনে নামা কেইন উইলিয়ামসনের সঙ্গেও জমে যায় তানজিদের জুটি। দুটি চার ও একটি ছক্কায় ১৫ বলে ২৪ রান করে আউট হন উইলিয়ামসন। তিনি শরিফুলের বলে ধরা পড়েন নাঈম শেখের হাতে। ভাঙে ৩২ বলে ৪৭ রানের জুটি।

ফিফটির পর কিছুটা ধীরগতির হয়ে পড়া তানজিদ শেষদিকে আবার চড়াও হন। ১৭তম ওভারে জামালকে তিনটি চার মারার পরের ওভারে শেখ মেহেদীকে ছক্কায় উড়িয়ে পৌঁছে যান ৯৭ রানে। ১৯তম ওভারের তৃতীয় বলে তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তিনি পূরণ করেন রেকর্ডগড়া সেঞ্চুরি। উদযাপন করেন দারুণ ঢঙে।

ইনিংসের শেষ বলে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (৭ বলে ১১ রান) বিদায় করেন শরিফুল। ফলে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন বাঁহাতি পেসার। এবার তার উইকেট ২৬টি। গত আসরে দুর্বার রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ নিয়েছিলেন ২৫টি উইকেট। জেমস নিশাম অপরাজিত থাকেন ৬ বলে ৭ রানে।

কৃপণতা দেখানো মুকিদুল ৪ ওভারে ২০ রানে ও শরিফুল ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন। উইকেটশূন্য থাকা তানভীর ইসলামও আঁটসাঁট থেকে ৩ ওভারে ১৭ রান দেন। তবে ভীষণ খরুচে ছিলেন ওভারের কোটা পূর্ণ করা শেখ মেহেদী ও জামাল। শেখ মেহেদী ৪৮ ও জামাল ৪৩ রান দেন।

Popular

More like this
Related

‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও...

২০২৯ ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

২০২৯ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে ফিফাকে...

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হতে যাচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি।...

সেমিফাইনালে আলকারাজ, সামনে জ়ভেরেভ

গ্যালারিভর্তি দর্শকের চাপ, মেলবোর্নের গরম রাত, সবকিছুকে নিস্তব্ধ করে...