তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

Date:

ইনস্টাগ্রামের প্রভাবে তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের অবনতি সংক্রান্ত মামলায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি আদালতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বুধবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জুরি ট্রায়ালে তার সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে এ বিষয়ে জাকারবার্গ মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিলেও এই মামলার গুরুত্ব অনেক বেশি। মামলায় হেরে গেলে মেটাকে ক্ষতিপূরণও গুনতে হতে পারে। পাশাপাশি প্রযুক্তি জায়ান্টদের আইনি সুরক্ষাও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
 
মামলা ও অভিযোগ

শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার অংশ এ মামলাটি।

মামলাটি দায়ের করেছেন ক্যালিফোর্নিয়ার এক নারী, যিনি শিশু বয়সে মেটার ইনস্টাগ্রাম ও গুগলের ইউটিউব ব্যবহার শুরু করেন।

তার অভিযোগ, শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ক্ষতিকর জেনেও কোম্পানিগুলো শিশুদের আসক্ত করে মুনাফা অর্জনের চেষ্টা করেছে।

তিনি দাবি করেছেন, এসব অ্যাপ তার বিষণ্ণতা ও আত্মহত্যা প্রবণতাকে বাড়িয়েছে। এজন্য তিনি কোম্পানিগুলোর বিচার চান।

মেটা ও গুগল অভিযোগ অস্বীকার করে বলেছে, ব্যবহারকারীদের সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তা ফিচার যুক্ত করেছে তারা।
 
ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের এক গবেষণার কথা উল্লেখ করে মেটা দাবি করে, সামাজিক যোগাযোগমাধ্যম সরাসরি শিশুদের মানসিক স্বাস্থ্যের পরিবর্তন ঘটায় এমন কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুনানিতে জাকারবার্গকে মেটার অভ্যন্তরীণ গবেষণা ও ইনস্টাগ্রাম কীভাবে তরুণদের ওপর প্রভাব ফেলে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি একই মামলায় আদালতে সাক্ষ্য দেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি।

তিনি জানান, অভিভাবকদের তদারকি ও কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের সচেতনতার মধ্যে কোনো যোগসূত্র নেই—এমন তথ্য সম্পর্কে তিনি জানতেন না।

শুনানিতে তুলে ধরা একটি গবেষণা নথিতে দেখা গেছে, প্রতিকূল জীবন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া কিশোর-কিশোরীরাই ইনস্টাগ্রাম ব্যবহার বেশি করে।

তবে মেটার আইনজীবীরা দাবি করেছেন যে, ওই তরুণীর মানসিক সমস্যার মূল কারণ তার শৈশবের পারিবারিক কলহ।

সোশ্যাল মিডিয়া বরং তার জন্য সৃজনশীলতা প্রকাশের একটি মাধ্যম ছিল বলে দাবি করে মেটা।

‘টেস্ট কেস’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার ওই নারীর দায়ের করা মামলাটি বৃহত্তর একাধিক মামলার জন্য পরীক্ষামূলক বা ‘টেস্ট কেস’ হিসেবে বিবেচিত হচ্ছে। মেটার পাশাপাশি অ্যালফাবেটের গুগল, স্ন্যাপ ও টিকটকের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে হাজারো মামলা হয়েছে।

ইতোমধ্যে অনেক পরিবার, স্কুল ও বিভিন্ন অঙ্গরাজ্য এই কোম্পানিগুলোর বিরুদ্ধে তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটে ফেলার অভিযোগ এনে মামলা করেছে।

বর্তমানে অস্ট্রেলিয়া ও স্পেন ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও ১৪ বছরের কম বয়সীদের জন্য এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আরও অনেক দেশ একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে রয়টার্স।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব পদে আবু আব্দুল্লাহ ছালেহ...

দুবের তাণ্ডব ও বরুণের ঘূর্ণিতে ভারতের চারে চার

চার ম্যাচের সবকটি জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ...

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনে তৈরি একটি রোবট...

জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে...