তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

Date:

একটি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিক সত্যতা পাওয়ার ভিত্তিতে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মঞ্জুরুল ইসলামের বিষয়ে সিদ্ধান্ত হলো, তাকে ক্রিকেটের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হচ্ছে।’

এরপর বিসিবির একটি অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাবেক ক্রিকেটার মঞ্জুরুলের ওপর বোর্ডের অধীনে সরাসরি বা পরোক্ষ কোনো নিয়োগ এবং ক্রিকেট সংশ্লিষ্ট কাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের দায়ের করা অভিযোগ খতিয়ে দেখতে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতাধীন সব ধরনের সরাসরি বা পরোক্ষ কর্মসংস্থান এবং ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এতে আরও জানানো হয় যে, বিসিবি এই তদন্ত কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করছে এবং তাদের প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

সাবেক অধিনায়ক জাহানারার আনা অভিযোগগুলো তদন্ত করতে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল। জাহানারা চারটি সুনির্দিষ্ট অভিযোগ তুলেছিলেন। গত ২ ফেব্রুয়ারি কমিটি তাদের প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেয়। তদন্তে দুটি অভিযোগের সপক্ষে প্রমাণ না পাওয়া গেলেও বাকি দুটি ক্ষেত্রে ‘অশোভন আচরণের’ প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে কমিটি।

উল্লেখ্য, বিসিবির সঙ্গে মঞ্জুরুলের চুক্তির মেয়াদ গত ২০২৫ সালের ৩০ জুন শেষ হয়ে গিয়েছিল।

প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে বিসিবি সম্প্রতি হাইকোর্টের ২০০৯ সালের এক রায় অনুযায়ী একটি অভিযোগ কমিটি গঠন করেছে। বিসিবি পরিচালক ও নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলার নেতৃত্বে এই কমিটি কাজ করবে।

Popular

More like this
Related

নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা...

কে হচ্ছেন নতুন হামাস নেতা?

গত আড়াই বছরে ইসরায়েলের সরাসরি ও গুপ্ত হামলায় ফিলিস্তিনি...

চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আলমগীর মোহাম্মদ মাহফুজ...

চাঁদা বাড়ানোর খবর পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ

ময়মনসিংহে সড়কে বাড়তি চাঁদা আদায়ের প্রতিবাদে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক...