ঢাকায় ২ ফ্লাইওভারে দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩

Date:

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন, অটোরিকশা চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, ভোরে ফ্লাইওভারের মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি ও মোটরসাইকেলের। এতে সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

জানা যায়, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। আর মৃত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।

অন্যদিকে, রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ওপর কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী রুবেল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশের নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মারা যান ওই পুলিশ সদস্য। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। মরদেহ মুগদা হাসপাতালের আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

নিহত পুলিশ সদস্যের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে।

Popular

More like this
Related

মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা লুট

ঢাকার মোহাম্মদপুরে একটি জুয়েলারির দোকানে লুটের ঘটনা ঘটেছে। দোকানমালিকের...

ময়মনসিংহে দিপু দাস হত্যা: আরও ২ অভিযুক্ত রিমান্ডে

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহে...

দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিন ‘জুলাই যোদ্ধা’ তাহরিমার

'জুলাই যোদ্ধা' তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ড আদেশের কয়েক ঘণ্টা...

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো...