ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুর্নীতি-ঘুষের অভিযোগের অনুসন্ধান শুরু

Date:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু হয়েছে বলে দুদক পরিচালক ইশিতা রনির সই করা এক চিঠিতে জানানো হয়।

দুদকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, বিভিন্ন অভিযোগ পাওয়ার পর কমিশন এজাজের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। 

কমিশনের তদন্ত-১ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অনুসন্ধান কার্যক্রম সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

যোগাযোগ করা হলে মোহাম্মদ এজাজ রাত সাড়ে ৯টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো অফিসিয়াল চিঠি পাইনি তদন্তের বিষয়ে। তবে, আমি এটাকে স্বাগত জানাই। তদন্ত চলাকালে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

‘আমি মনে করি দুদকের মতো প্রতিষ্ঠান যেকোনো বিষয়ে যেকোনো সময়ে তদন্ত করতে পারে। আমরা পুরো সিটি করপোরেশন তাদের সহযোগিতা করব,’ বলেন তিনি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবালয়ে সাংবাদিকদের বলেন, দুদক কোনো অনিয়মের প্রমাণ পেলে সরকার ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ‘যদি কোনো অনিয়ম থাকে। দুদকের তদন্ত করার পূর্ণ ক্ষমতা আছে। তারা যদি কিছু পায়, আমাদের জানাবে, আর আমরা সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Popular

More like this
Related

ফাহিমের তোপ ও লিটনের ঝড়ে চট্টগ্রামকে উড়িয়ে শুরু রংপুরের

এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাল শক্তিশালী...

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি...

মেলবোর্নের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দিল আইসিসি

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) মরণফাঁদে দুই দিনেই শেষ হয়েছে...

কাপ্তাই হ্রদে জনপ্রিয় হয়ে উঠছে হাউসবোট, রয়েছে রাত্রিযাপনের সুবিধাও

রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকদের আকর্ষণ বাড়াতে চালু হয়েছে বেশ...