বাবার মৃত্যুর খবর পেয়ে ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কারাবন্দি নেতা প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেড়ি পায়ে বাড়িতে এসেছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়। প্যারোলে মুক্তি পেলেও জানাজায় অংশ নিতে পারেনি তিনি।
রাকিবুল সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
রাকিবুলের বড় ভাই জুয়েল জোমাদ্দর বলেন, বুধবার দিবাগত রাতে বাবার মৃত্যু হয়। রাকিবুলকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসনে আবেদন করা হয়। সব কার্যক্রম শেষে আবেদনপত্রটি কারাগারে যায় দুপুর ৩টায়। এদিকে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, দুপুর ৩টায় বাবার জানাজা অনুষ্ঠিত হয়। সে কারণে রাকিবুল জানাজায় অংশ নিতে পারেননি।
তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টায় পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাসায় আসে রাকিবুল। শেষবারের মতো বাবাকে দেখে সে। পরে দাফন শেষ হলে পুলিশ তাকে নিয়ে যায়।
মোল্লাহাট পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আমির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা আসামিকে ডান্ডাবেড়ি পরা অবস্থায় পেয়েছি। সেই অবস্থায় আবার তাকে কারাগারে নিয়ে যাই।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ডেইলি স্টারকে বলেন, পরিবারের আবেদন ও প্রশাসনের অনুমতির ভিত্তিতে রাকিবুলকে পুলিশি পাহারায় নিরাপদে নেওয়া হয়। পরে
আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠি জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ বিকাশ রায়হান বলেন, গত ১৯ ডিসেম্বর রাকিবুলকে কারাগারে আনা হয়। গত বছরের নভেম্বর ও মে মাসে দুইটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
তিনি আরও বলেন, পুলিশ কীভাবে আসামি নেবে তার একটি ফরমেট জেলগেটে থাকে। সে অনুযায়ী, আসামি তরুণ ও দূরবর্তী এলাকা হলে নিরাপত্তার শঙ্কায় পুলিশ সাধারণত ডান্ডাবেড়ি পরিয়ে নিয়ে থাকে। এখানেও পুলিশের পক্ষ থেকে ডান্ডাবেড়িসহ আসামিকে নেওয়ার চাহিদা ছিল।