টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল: পরিসংখ্যানের কারিকুরি

Date:

বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে প্রথম সেমিফাইনালে দাপুটে হারের স্বাদ দিয়ে ফাইনালে উঠেছে ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে, হাই-স্কোরিং দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে ভারত।

ফাইনাল শুরু হবে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। তার আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানের কারিকুরি। 

মুখোমুখি লড়াইয়ে ভারতের দাপট:

টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে ভারত। দুই দলের মধ্যকার ৩০ ম্যাচে ভারতের ১৬টি জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ১১টিতে। টাই হওয়া বাকি তিনটি ম্যাচের মধ্যে দুটিতে সুপার ওভারের রোমাঞ্চে জিতেছে ভারত।

বিশ্বকাপে নিউজিল্যান্ডই ভারতের ‘জুজু’:

দ্বিপাক্ষিক লড়াইয়ে এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড মোটেও সুবিধাজনক নয়। এখন পর্যন্ত তিনবারের দেখায় প্রতিবারই কিউইদের কাছে হারতে হয়েছে ভারতীয়দের।

আইসিসি ইভেন্টের ফাইনালের দ্বৈরথেও এগিয়ে নিউজিল্যান্ড:

আইসিসি আয়োজিত ইভেন্টের ফাইনালে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেছিল নিউজিল্যান্ড। তবে গত বছর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাদেরকে হারিয়েছিল ভারত।

ভারতের সামনে রেকর্ডের হাতছানি:

ভারতের সামনে এবার সুযোগ প্রথম আয়োজক দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের। সেই সঙ্গে প্রথম দল হিসেবে টানা দুবার এই ট্রফি ধরে রাখার অনন্য কীর্তিও গড়তে পারে তারা।

নিউজিল্যান্ডের প্রথম শিরোপার লক্ষ্য:

নিউজিল্যান্ড তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার সন্ধানে রয়েছে। এর আগে ২০২১ সালের আসরে ফাইনাল খেললেও অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের।

ভারতের জন্য অস্বস্তির কাঁটা:

ফাইনালের ভেন্যু আহমেদাবাদ বলেই ভারতের জন্য কিছু শঙ্কার কারণও রয়েছে। চলতি আসরে তাদের একমাত্র পরাজয়টি এসেছিল এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সুপার এইট পর্বে এই মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। এছাড়া, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জেতার পরও ফাইনালে এই ভেন্যুতে অস্ট্রেলিয়ার কাছে হারের সেই দুঃসহ স্মৃতি এখনও ভারতীয় সমর্থকদের মনে টাটকা।

Popular

More like this
Related

টিভিতে প্রথম গান গাইলেন বুবলি

এবারের ঈদে ভিন্ন কিছু নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান...

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি...

প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত দুটি ইফতার...

ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

টানা নয় দিন ধরে ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট...