টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল স্কোয়াড ঘোষণা করেছে। হিমালয় কন্যার দেশটিকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল।
২৩ বছর বয়সী এই অলরাউন্ডার নেপাল ক্রিকেটের সাম্প্রতিক উন্নতির নেপথ্যে এক কেন্দ্রীয় চরিত্র, যিনি ব্যাটিংয়ে নির্ভরযোগ্যতার পাশাপাশি চাপের মুখে শান্ত থেকে নেতৃত্ব দেওয়ার পারঙ্গমতা দেখিয়েছেন।
সহ-অধিনায়ক হিসেবে তার পাশে থাকছেন দীপেন্দ্র সিং আইরি। সংক্ষিপ্ত ফরম্যাটে নেপালের দলের ভারসাম্য রক্ষায় তার অলরাউন্ড নৈপুণ্য বরাবরের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৮ ফেব্রুয়ারি মুম্বাইতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেপাল। একই ভেন্যুতে গ্রুপের বাকি ম্যাচগুলোও খেলবে তারা। ১২ ফেব্রুয়ারি ইতালি, ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর ১৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও বাংলাদেশের গ্রুপে পড়েছিলো নেপাল।
নেপাল স্কোয়াড: রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিছানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সুন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমেদ, সোমপাল কামি, কারান কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।