টানা ৩ ম্যাচ হারা রংপুরে সোহানের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

Date:

বিপিএলের প্লে-অফের লড়াই যখন জমে উঠেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিল রংপুর রাইডার্স। লিগ পর্বের সবশেষ তিন ম্যাচে টানা হারের ধাক্কা সামলাতে অধিনায়কত্বে বদল আনল ফ্র্যাঞ্চাইজিটি। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন থেকে দলটিকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

কাগজে-কলমে শক্তিশালী দল হওয়া সত্ত্বেও শেষ তিন ম্যাচেই হারের মুখ দেখেছে রংপুর। বিশেষ করে সোহানের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৮ ম্যাচের ৬ ইনিংসে তিনি করেছেন মাত্র ৩০ রান। দলের প্রয়োজনে নিজের ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতেই সোহান স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন কোচ মিকি আর্থার।

সোহানের এই সিদ্ধান্ত নিয়ে আর্থার বলেছেন, ‘দিন দুয়েক আগে সোহান আমার কাছে এসে বলেছে, সে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চায়। আমার মনে হয়েছে, সে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চায়। এটিই তুলে ধরছে, মানুষ হিসেবে সে কেমন। সে কোনোভাবেই স্বার্থপর নয়, ব্যক্তিগত লক্ষ্যের ওপরে দলকে রাখতে চায় সে। তবে তার মনে হয়েছে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে পারফর্ম করার সেরা সুযোগটা সে নিজেকে দিতে চায়। এজন্য সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটনকে নিলাম থেকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। ব্যক্তিগতভাবে তার ব্যাট থেকেও বড় রান এখনও আসেনি। ৮ ম্যাচের ৮ ইনিংসে করেছেন ১৬২ রান। তবে দলের দুর্দিনে নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনার চেয়ে আপাতত বিপিএলেই সবটুকু নজর দিতে চাইছেন লিটন।

দায়িত্ব পাওয়ার পর লিটন বলেছেন, ‘এই মুহূর্তে তো বিশ্বকাপের চিন্তা মাথায় নেই। যেহেতু একটা ফ্র‍্যাঞ্চাইজির হয়ে খেলছি, সম্পূর্ণ নিবেদন এখানে আমার ফ্র‍্যাঞ্চাইজির জন্যই থাকবে। তারা যখন নিজেদের ইচ্ছায় এই জিনিসটা চেয়েছে, ফ্র‍্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, আমার দায়িত্ব এটা গ্রহণ করা। আমার মনে হয়, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

প্লে-অফের সমীকরণ নিয়ে তিনি যোগ করেছেন, ‘আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং। কারণ এই মুহূর্তে আমরা যদি একটা ম্যাচ জিতি, তাহলেই কোয়ালিফাই করব সুপার ফোরে (প্লে-অফে)। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

সিলেট পর্বেই তিন দলের প্লে-অফ নিশ্চিত হলেও রংপুর এখনও অনিশ্চয়তায়। ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট পেয়ে তালিকার চার নম্বরে আছে তারা। তাদের পেছনে থাকা ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস ৮ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট করে পেয়েছে। তাই হাতে থাকা ম্যাচগুলোর মধ্যে মাত্র একটি জয় পেলেই রংপুরের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে।

Popular

More like this
Related

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ব্যাপক আকারে...

ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক চাপ মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

ভারতে খেলতে বাধ্য করতে আইসিসি যদি কোনো অযৌক্তিক চাপ...

কারাবন্দী ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে সিপিজের চিঠি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস সামনে রেখে বাংলাদেশে কারাবন্দী চার সাংবাদিককে...

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লপ

রিয়াল মাদ্রিদ থেকে জাভি আলনসোর বিদায়ের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া...