টানা দুই হারে চাপে থাকা বার্সেলোনা পেল সুখবর

Date:

অ্যাতলেতিকো মাদ্রিদ ও জিরোনার কাছে টানা দুই হারে চাপে থাকা বার্সেলোনা পেল সুখবর। চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত পেদ্রি ও মার্কাস র‍্যাশফোর্ড। আর পুরো ফিটনেস ফিরে পাওয়ার পথে থাকা গাভি ফিরেছেন অনুশীলনে।

গত ১৩ ফেব্রুয়ারি কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকোর মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সা। সেই বাজে পারফরম্যান্সের রেশ থাকতেই গত সোমবার রাতে আবার হতাশ করে কাতালানরা। লা লিগায় জিরোনার মাঠে ২-১ গোলে হেরে যায় কোচ হান্সি ফ্লিকের দল।

অ্যাতলেতিকোর বিপক্ষে বড় হারে কোপা দেল রের শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। শুধু তাই নয়। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রাখতে ব্যর্থ হয়েছে দলটি। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট পাওয়া বার্সাকে টপকে এখন ৬০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

সব মিলিয়ে বিপাকে থাকা স্প্যানিশ পরাশক্তিরা এবার পেয়েছে কিছু ভালো খবর। হাঁটুর চোট থেকে সেরে উঠেছেন ইংলিশ ফরোয়ার্ড র‍্যাশফোর্ড। তিনি গত দুই সপ্তাহ মাঠে নামতে পারেননি। এর চেয়েও বড় সুসংবাদ হলো, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে নামতে তৈরি স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। তিনি প্রায় এক মাসের জন্য ছিটকে গিয়েছিলেন।

লা লিগায় ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শনিবার জার্মান কোচ ফ্লিক বলেছেন, ‘র‍্যাশফোর্ড ও পেদ্রির ফিরে আসা দলের জন্য ইতিবাচক। পেদ্রি হয়তো কিছু সময় মাঠে থাকতে পারে। তবে তার সহজাত দক্ষতা নিয়ে অনুশীলনে ফেরাই বড় কথা।’

পেদ্রিকে প্রশংসায় ভাসিয়ে তিনি যোগ করেছেন, ‘সে (পেদ্রি) আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার গুণমানের (খেলার ধরন) কারণে সে একজন ভিন্ন ধরনের নেতা। সে এই ক্লাবের ভবিষ্যতের অন্যতম সেরা অধিনায়কও হতে পারে।’

পেদ্রির স্বদেশি মিডফিল্ডার গাভি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে রয়েছেন খেলার বাইরে। সেসময় গুরুতর চোটের কারণে তার হাঁটুতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছিল। লম্বা সময় পর তিনি পুনরায় অনুশীলনে ফিরেছেন বলেও নিশ্চিত করেছেন বার্সার কোচ।

তবে ফ্লিক তার শিষ্যদের সতর্ক করে মনে করিয়ে দিয়েছেন, তাদেরকে এখন অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, ‘শেষ পর্যন্ত সিদ্ধান্তগুলো আমাকেই নিতে হবে। এটাই আমার কাজ। তবে আমি চাই খেলোয়াড়রা এই পরিস্থিতিতে নিজেদের দায়িত্বগুলোও বোঝার চেষ্টা করুক। আর আমার মনে হয়, তারা এটা করছেও।’

Popular

More like this
Related

‘আজাদ’ ভাষ্যে ভাষা আন্দোলন

ভাষা আন্দোলন বাঙালি জাতিসত্তার জাগরণ কাল। পাকিস্তানি শোষণ ও...

সুপ্রিম কোর্টের রায়ের পরও কি ট্রাম্প নতুন করে শুল্ক আরোপ করতে পারেন?

ট্রাম্প গত বছর ‘লিবারেশন ডে’ নামে একটি কর্মসূচির মাধ্যমে...

ঢালাও শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর বিশ্বব্যাপী শুল্ক ১০...

অমর একুশের দিনে এফডিএফের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরের স্কুল শিক্ষার্থীদের...