জ্বালানি সংকটের মধ্যেও বৃষ্টিতে স্বস্তি বোরো চাষিদের

Date:

জ্বালানি তেলের সরবরাহ সংকটের মাঝে সম্প্রতি কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত সেচ নিয়ে বিপাকে থাকা দেশের বোরো ধান চাষিদের কিছুটা স্বস্তি দিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে কিছুদিনের জন্য সরকার জ্বালানি ক্রয়ের সীমা টেনে দিয়েছিল। পরে ওই সীমা তুলে নেওয়া হলেও জ্বালানি সরবরাহ বিশেষ করে ব্যবস্থাপনায় সংকট থেকেই যায়। এতে করে কৃষকরা জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেলচালিত পাম্প চালাতে সমস্যায় পড়েন।

তবে বৃষ্টিপাতের পর কৃষকরা বলছেন, এখন জমিতে পানি জমে থাকায় ভূগর্ভস্থ পানি তোলার প্রয়োজন কমে গেছে। 

এ মৌসুমে তিনি চার একর জমিতে বোরো ধান আবাদ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কৃষক জামাল মিয়া। তিনি বলেন, ‘চলমান ডিজেল সংকটের কারণে কয়েকদিন ধরে সেচ দিতে সমস্যায় পড়লেও গত কয়েকদিনের বৃষ্টিতে অনেকটা স্বস্তি পেয়েছি।’

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘গত সাত দিনে দেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হয়েছে।’

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সিলেটে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের দিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয় দিনাজপুরে (৪৮ মিমি), এরপর রংপুরে (৪০ মিমি), সৈয়দপুরে (৩০ মিমি) ও কুড়িগ্রামের রাজারহাটে (২৯ মিমি)।

তিনি আরও জানান, তার আগের দিন টাঙ্গাইলে ২১ মিমি ও বৃহস্পতিবার মানিকগঞ্জে ৫১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এর আগে মঙ্গলবার নেত্রকোনায় ৩৪ মিমি বৃষ্টি হয়েছিল। একই মাসের ২১ তারিখে দীর্ঘ শুষ্কতার পর পঞ্চগড়ে ২৬ মিমি বৃষ্টিপাত হয় বলে তিনি জানান।

ফারুক আরও বলেন, ‘কোনো নির্দিষ্ট দিনে বৃষ্টিপাত এক জেলায় সীমাবদ্ধ ছিল না; বেশ কয়েকটি জেলায় একসঙ্গে বৃষ্টি হয়েছে, শুধু কয়েকটি স্টেশন বাদে।’

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক বৃষ্টিপাত বোরো ধান চাষের জন্য উপকারী হয়েছে, বিশেষ করে চলমান ডিজেল সংকটের মধ্যে সেচের সমস্যা কমাতে সহায়তা করেছে।’

তিনি জানান, শিলাবৃষ্টি না হলে এ ধরনের বৃষ্টিপাত ফসলের বৃদ্ধিতে সহায়ক।

তিনি আরও বলেন, ‘দীর্ঘস্থায়ী বৃষ্টি কখনো কখনো পরাগায়ণে সমস্যা সৃষ্টি করতে পারে, তবে মার্চের এ স্বল্পমেয়াদি বৃষ্টি সাধারণত ঝুঁকি তৈরি করে না।’

খালেকুজ্জামান আরও জানান, কিছু গ্রামে সামান্য শিলাবৃষ্টির খবর পাওয়া গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় সামগ্রিকভাবে আবহাওয়ার প্রভাব কৃষকদের জন্য ইতিবাচকই রয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আতাউর রহমান বলেন, ‘সাম্প্রতিক বৃষ্টিপাত বোরো ধানসহ মৌসুমি সবজির জন্যও বেশ উপকার বয়ে এনেছে। কারণ অতিরিক্ত বৃষ্টি কিংবা বৃষ্টির সঙ্গে ঝড় হয়নি।’

তিনি বলেন, ‘টমেটো, বেগুন ও শিমসহ বেশিরভাগ সবজি এখন সংগ্রহ পর্যায়ে রয়েছে। আর বৃষ্টিতে এগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি।’

তিনি আরও বলেন, ‘শুধু নিচু ও পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ এমন কাদামাটির জমিতে আলু কিছুটা ঝুঁকিতে থাকতে পারে। তবে বেলে বা দোআঁশ মাটির এলাকাগুলো বেশিরভাগই প্রভাবমুক্ত রয়েছে।’

আতাউর রহমান আরও বলেন, ‘এই সময়ে মাঝারি বৃষ্টিপাত আগাম খরিফ মৌসুমের ফসল চাষের জন্য জমি প্রস্তুত করতে মাটির আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। তবে অতিরিক্ত বৃষ্টিপাতে সমস্যা সৃষ্টি হতে পারে।’

তিনি আরও জানান, তরমুজ, করলা ও লালশাকের মতো ফসল ভালো অবস্থায় রয়েছে। বৃষ্টির কারণে তরমুজের মতো কিছু পণ্যের বাজারদর সামান্য কমতে পারে। তবে সামগ্রিকভাবে ফসলের গুণগত মান ভালো থাকবে বলে আশা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠসেবা শাখার মনিটরিং ও বাস্তবায়ন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জামাল উদ্দিন বলেন, ‘গত কয়েকদিনের বৃষ্টিপাত সামগ্রিকভাবে বোরো ধানের জন্য উপকারী হয়েছে, তবে এর পূর্ণাঙ্গ প্রভাব এখনো মূল্যায়ন করা হচ্ছে।’

তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকার প্রাথমিক তথ্য শিগগিরই পাওয়া যাবে, তবে পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ হতে আরও এক থেকে দুই দিন সময় লাগবে।

চলতি মাসের শুরুতে সরকারের জ্বালানি রেশনিং সিদ্ধান্ত সম্পর্কে কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, ‘বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত যৌক্তিক ছিল।’

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘তবে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বোরো চাষ অনেকাংশেই সেচনির্ভর, যেখানে ৬২–৬৫ শতাংশ জমিতে ডিজেলচালিত পাম্প ব্যবহার হয়। সেচের জন্য ডিজেলে বিদ্যুৎ খাতের মতোই ভর্তুকি দেওয়া উচিত।’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির সরবরাহ করা মোট পেট্রোলিয়াম তেলের ১৫ দশমিক ৪১ শতাংশই ব্যবহৃত হয় দেশের কৃষি খাতে।

Popular

More like this
Related

ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের...

ফের ব্যর্থ পারভেজ, মোস্তাফিজের আঁটসাঁট বোলিং

পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের...

মার্কিন বিমানবাহী রণতরীর বৈশিষ্ট্য ও ইরান যুদ্ধে ভূমিকা

ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন পারমাণবিক রণতরী...

গিটার বাজানো শিখেছেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছে...