জ্বালানি নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অগ্রণী ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

Date:

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার মূলভিত্তি। এই উচ্চপ্রযুক্তি সম্পন্ন স্থাপনাটি দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করবে।’

তিনি আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড ও আধুনিক প্রযুক্তিগত প্রোটোকল কঠোরভাবে মেনে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আজ রোববার প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রকল্প এলাকায় তার প্রথম আনুষ্ঠানিক সফর।

মন্ত্রীর এই সফরে তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

পরিদর্শনকালে প্রকল্প কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে প্রধান স্থাপনাগুলো ঘুরিয়ে দেখান এবং প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উল্লেখ করেন, এই ধরনের বৃহৎ প্রকৌশল প্রকল্পে কারিগরি চ্যালেঞ্জ আসা স্বাভাবিক। তবে, দক্ষতা এবং ধাপে ধাপে ঝুঁকি কমানোর মাধ্যমে তা কাটিয়ে উঠতে হবে।

তিনি বলেন, ‘সাফল্যের জন্য সমন্বিত টিমওয়ার্ক অপরিহার্য।’

এই প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন প্রকল্পটিকে জাতীয় বিদ্যুৎখাতের মাইলফলক হিসেবে বর্ণনা করে আশাবাদ ব্যক্ত করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে।

অনুষ্ঠানে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন উপস্থিত ছিলেন।

তিনি বাংলাদেশের প্রযুক্তিগত যাত্রায় রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের কথা তুলে ধরেন বলেন, ‘রুশ বিশেষজ্ঞদের একাগ্রতা ও বাংলাদেশি প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টা এই প্রকল্পকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। ১ ও ২ নম্বর ইউনিট শুধুমাত্র জ্বালানি নিরাপত্তাই শক্তিশালী করবে না, বরং বাংলাদেশের সামগ্রিক প্রযুক্তিগত সক্ষমতাও বৃদ্ধি করবে।’

তিনি জানান, কাজ শেষ হওয়ার পর এই কেন্দ্রটি সম্পূর্ণভাবে বাংলাদেশের মালিকানাধীন হবে এবং বাংলাদেশিরাই এটি পরিচালনা করবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে উৎপাদনের ঠিক আগের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রথম ইউনিটের নির্মাণ ও প্রয়োজনীয় সব পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রকল্প কর্মকর্তারা নিশ্চিত করেছেন, জ্বালানি (ফুয়েল) লোড করার আগে বর্তমানে একটি চূড়ান্ত পরিদর্শন চলছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহিদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ফুয়েল লোডিংয়ের জন্য প্রয়োজনীয় হট রান, কোল্ড রান ও যাবতীয় পরীক্ষা সফলভাবে শেষ করেছি। গত মাসেই সব পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে সবকিছু নিখুঁত আছে কি না, তা নিশ্চিত করতে কিছু যন্ত্রপাতি খুলে চূড়ান্ত পরীক্ষা করা হচ্ছে।’

তিনি জানান, এ মাসের মধ্যেই পরিদর্শন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সব নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, তাহলে আগামী মাসেই ফুয়েল লোডিং শুরু হতে পারে।
 

Popular

More like this
Related

বিশ্বকাপ পর্যন্ত মিরাজ অধিনায়ক থাকবেন তো?

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনেক আলোচনাই বিশ্বকাপকেন্দ্রিক। প্রথমত...

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে ‘বিপর্যয়’ হতে পারে: আরামকো সিইও

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে ‘বিপর্যয়’ নেমে আসতে...

পাবনায় বাড়িতেই ‘ফুয়েল পাম্প’, ৫০ হাজার টাকা জরিমানা

পাবনার সাঁথিয়ায় উপজেলায় আবাসিক বাড়িতে অবৈধভাবে ‘ফুয়েল পাম্প’ বসিয়ে...

পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন মিরাজ

ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের ব্যাটে রান নেই, বল হাতেও...