জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

Date:

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক হুমকির আবহেই এই পরোক্ষ আলোচনা শুরু হলো।

আলোচনা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চায়।

তিনি বলেন, ‘আমি মনে করি না—তারা চুক্তি না করে কঠোর পরিণতি চাইবে।’

ট্রাম্প আরও দাবি করেন, গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর তেহরান কঠোর অবস্থানের ফল বুঝতে পেরেছে।

এদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘আরও বাস্তবসম্মত’ হয়েছে বলে তারা মনে করছে।

ইরান জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

এর আগে ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছিল, তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো অন্যান্য বিষয়ও আলোচনায় তুলতে চায়।

এদিকে স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে বিবিসি ভেরিফাই জানিয়েছে, ইরানের কাছাকাছি অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’। পাশাপাশি বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজগুলোর একটি ‘জেরাল্ড আর ফোর্ডকেও’ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে পৌঁছাতে পারে।

বিবিসি জানিয়েছে, এই সামরিক তৎপরতার জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ওমান ও ইরানের মাঝামাঝি অবস্থিত কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে নৌ-মহড়া চালায়। প্রণালিটি উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির প্রধান রুট হিসেবে বিবেচিত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক চুক্তি’ অর্জনের লক্ষ্যে তিনি জেনেভায় রয়েছেন।

তিনি আরও বলেন, ‘হুমকির মুখে নতিস্বীকার আলোচ্য বিষয় নয়।’

হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকেও আলোচনায় যুক্ত করা হয়েছে। ফেব্রুয়ারির শুরুর দিকে ওমানে অনুষ্ঠিত পরোক্ষ বৈঠকে তারা অংশ নেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Popular

More like this
Related

ভূখণ্ড প্রশ্নে টানাপোড়ন কাটেনি, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কাল

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে আগামীকাল বুধবার...

মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

বলিউডে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভকে।ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম...

ইমরানের সুচিকিৎসায় পাকিস্তান সরকারের কাছে কিংবদন্তি অধিনায়কদের আবেদন

বিশ্বের বিভিন্ন দেশের এক ডজনেরও বেশি সাবেক ক্রিকেট অধিনায়ক...

প্রধানমন্ত্রী হিসেবে কী ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন তারেক রহমান

সংবিধান অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে থাকেন প্রধানমন্ত্রী। সংসদীয়...