নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ সম্পূর্ণরূপে রক্ষা করে সাহসী ও দায়িত্বশীল পররাষ্ট্রনীতি বজায় রাখবে এবং সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।
আজ বুধবার সচিবালয়ে প্রথম দিনের কার্যক্রমের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
খলিলুর রহমান বলেন, ‘আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পইপই করে বুঝে নেব। এ ব্যাপারে দিস ইজ আওয়ার রেডলাইন।’
‘এক হিসেবে আমরা জিয়াউর রহমানের ফরেন পলিসিতে ফেরত যাচ্ছি। আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই আমাদের স্বার্থ বজায় রেখে,’ যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে আমাদের যে নজর ছিল, সেটা কোনোভাবে কমবে না, বরং বাড়বে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। এই যোগাযোগগুলো অব্যাহত থাকবে এবং এই সমস্যার একটা সমাধান করার চেষ্টা করব।’