‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

Date:

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে আনা মুলতবি প্রস্তাবে ‘প্রতিকার’ না পাওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর এবার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে এই আন্দোলনের কর্মপ্রক্রিয়া সম্পর্কে পরে জানানো হবে।

আজ বুধবার সন্ধ্যায় সংসদ থেকে ওয়াকআউটের পর এক ব্রিফিংয়ে জামায়াত আমির এ কথা জানান।

এর আগে, বিকেলে প্রশ্নোত্তর পর্ব শেষে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন শফিকুর রহমান। এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

এদিন সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে আনা মুলতবি প্রস্তাবে সিদ্ধান্ত না পাওয়ার অভিযোগ তোলে বিরোধী দল। তাদের প্রস্তাব চাপা দিতেই একই বিষয়ে আরেকটি নোটিশ আনা হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা।

সন্ধ্যার ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা খুবই বিস্মিত, আহত, মর্মাহত। এর আগে তিনটা গণভোট বাংলাদেশে হয়েছে। কোনো গণভোট এভাবে শেষ হয়ে যায়নি। তিনটিতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম যেটাতে আমরা সবাই—সরকারি দল, বিরোধী দল—এক ছিলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম, সেখানে এসে এটাকে অগ্রাহ্য করা হলো, অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম, এখানে হাউজের ভেতরে এর সমাধান হোক। হাউজের ভেতরে সমাধান হলে জনগণ আনন্দিত হতো।’

শফিকুর রহমান বলেন, ‘যেহেতু হাউজের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টি সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই—আবার জনগণের কাছে ফিরে যেতে হবে। যে জনগণ আমাদের এই রায় দিয়েছে, আমরা এখন তাদের কাছেই ফিরে যাব এবং জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি কীভাবে আদায় করা যায়, সে কার্যক্রম গ্রহণ করব।’

বিরোধী দলীয় নেতার ভাষ্য, ‘জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়মমাফিক চলতে দেওয়া হলো না। এটি এই জাতির জন্য, আমাদের জন্য কষ্টের জায়গা। আর এই সংসদের জন্য এটি দুর্ভাগ্যের।’

তিনি আরও বলেন, ‘আমরা ১১ দল দ্রুত বসছি এবং বসে আমাদের সিদ্ধান্তগুলো নেব। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আমরা জানাব।’

Popular

More like this
Related

বাংলা কিউআর কী?

ডিজিটাল লেনদেন সহজ করতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা...

ন্যাটো ভেঙে ট্রাম্পের লাভ কী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা কাঠামোর সবচেয়ে বড়...

২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আইন কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়নের মধ্যে দুই সহকারী অ্যাটর্নি জেনারেল...

নিখুঁত পেনাল্টি কর্নারের সুবাদে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের জয়

থাইল্যান্ডের ব্যাংককে আজ এশিয়ান গেমস হকি বাছাইপর্বের নিজেদের প্রথম...