চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আবারও সিটিকে হারাল রিয়াল

Date:

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু বিতর্কিত এক লাল কার্ড ও পেনাল্টিতে সপ্নভঙ্গ হয় তাদের। আরও একবার তাদের বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। 

ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলের জয় তুলে নিয়ে স্প্যানিশ জায়ান্টরা পাঁচ ম্যাচের মধ্যে চতুর্থবারের মতো ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাল ইউরোপের সেরা আসর থেকে। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে দাপুটে জয় নিশ্চিত করে ১৫ বারের চ্যাম্পিয়নরা।

প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়া সিটির সামনে ছিল ইতিহাস গড়ার চ্যালেঞ্জ। কিন্তু ম্যাচের শুরুতেই সেই আশা ভেঙে চুরমার হয়ে যায়। নিজেদের বক্সে বল ঠেকাতে গিয়ে হাতে লাগায় সরাসরি লাল কার্ড দেখেন অধিনায়ক বার্নার্দো সিলভা, আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়।

পেনাল্টি থেকে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে কার্যত টাই শেষ করে দেন। যদিও প্রথমার্ধে এরলিং হালান্ড একটি গোল শোধ করে সমতা ফেরান, তবু নাটকীয়ভাবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে আবারও গোল করে ম্যাচ জেতান ভিনিসিয়ুস।

এই হারে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের কাছে বিদায় নিল সিটি। একই সঙ্গে দলটির মৌসুম এখন বড় প্রশ্নের মুখে। টানা তিন ম্যাচ জয়ের মুখ না দেখা পেপ গার্দিওলার শিষ্যদের সামনে এখন বড় চ্যালেঞ্জ, রোববার আর্সেনালের বিপক্ষে লিগ কাপের ফাইনাল।

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়েও আর্সেনালের থেকে নয় পয়েন্ট পিছিয়ে রয়েছে সিটি। সামনে এফএ কাপ কোয়ার্টার ফাইনালে লিভারপুলের মতো শক্ত প্রতিপক্ষও অপেক্ষা করছে।

অন্যদিকে, লা লিগায় খুব একটা ধারাবাহিক না হলেও নকআউট পর্বে এসে নিজেদের সেরা রূপটাই যেন খুঁজে পায় রিয়াল মাদ্রিদ, আবারও সেটির প্রমাণ দিল তারা। কোচ আলভারো আরবেলোয়া ইনজুরি থেকে ফেরা কিলিয়ান এমবাপেকে বেঞ্চে রেখেও দলকে এগিয়ে নিতে পেরেছেন। শিগগিরই জুড বেলিংহামও ফিরতে পারেন, যা সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বড় শক্তি হয়ে উঠবে।

ম্যাচের শুরুতেই ফেদেরিকো ভালভার্দের একটি সুযোগ থেকে এগিয়ে যেতে পারত রিয়াল, তবে গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা তা রুখে দেন। পরে থিবো কুর্তোয়ার দুর্দান্ত সেভে রায়ান চেরকি ও রদ্রির প্রচেষ্টা ব্যর্থ হয়।

ভিএআর চেকের পর ভিনিসিয়ুসের পেনাল্টি থেকে গোলের পাশাপাশি সিলভার লাল কার্ডই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রথম লেগে পেনাল্টি মিস করা ভিনিসিয়ুস এবার আর ভুল করেননি।

দ্বিতীয়ার্ধে কুর্তোয়া না থাকলেও আন্দ্রি লুনিন হালান্ডকে একাধিকবার হতাশ করেন। শেষদিকে উভয় দলের দুটি করে গোল অফসাইডে বাতিল হলেও, শেষ হাসিটা ঠিকই হাসেন ভিনিসিয়ুস।

ম্যানচেস্টার সিটিতে এক দশকের সোনালি যুগ গড়া পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়েও এখন শুরু হয়েছে জল্পনা। যদি এটাই হয় তার শেষ মৌসুম, তবে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একটি শিরোপা, তার এই সময়ের অন্যতম আক্ষেপ হয়েই থেকে যেতে পারে।

 

Popular

More like this
Related

শেবাচিম হাসপাতালে আগুন: ২ রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্তে ৬ সদস্যের কমিটি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মেডিসিন ইউনিটের একটি...

চ্যাম্পিয়ন্স লিগে বদলে যায় রিয়াল: ভিনিসিয়ুস

চ্যাম্পিয়ন্স লিগের রাত নামলেই যেন এক অদ্ভুত রূপ নেয়...

ইরান যুদ্ধের প্রতিবাদে শীর্ষ মার্কিন নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধের’ আজ ১৯তম দিন।...

আবুল মনসুর আহমদের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের...