চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত নারী শিক্ষার্থীর মুখে গুরুতর জখম হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকার কাছে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম ইমু মনি জ্যোতি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জ্যোতি ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসগামী একটি শাটল ট্রেনে যাত্রা করছিলেন। ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর তার মুখে আঘাত করে। এতে নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত গভীর ক্ষত সৃষ্টি হয়।
সহযাত্রীরা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আঘাত তুলনামূলকভাবে গভীর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’
সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল জানান, শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ওই দুঃখজনক ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।