গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ‍২ প্রতিষ্ঠানের সঙ্গে ডব্লিউজেএনবির সমঝোতা

Date:

গণমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তা নিশ্চিত করতে নারী অধিকার সংগঠন ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ ও ‘ইনস্টিটিউট অব সাইকোলজি অ্যান্ড হেলথের’ (আইপিএইচ) সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ডব্লিউজেএনবি)।

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়।

বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় পরিচালিত ‘স্ট্রেনথেনিং উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক টু ট্যাকল সেক্সুয়াল হ্যারাসমেন্ট’ প্রকল্পের আওতায় এই কৌশলগত অংশীদারত্ব শুরু হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতায় সই করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, আইপিএইচের পরিচালক সাইকোলজিস্ট নাজমুল হোসেন ও ডব্লিউজেএনবি সমন্বয়কারী আঙ্গুর নাহার মন্টি।

অনুষ্ঠানে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন বলেন, এই এমওইউ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং গণমাধ্যমে নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সম্মিলিত অঙ্গীকার। এর মাধ্যমে সংবাদকর্মীরা কেবল সচেতনতা নয়, বরং সরাসরি ও কার্যকর সুরক্ষার সুযোগ পাবেন।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রভাব পুরুষরা প্রায়ই বুঝতে ব্যর্থ হন। মহিলা পরিষদ দীর্ঘকাল ধরে গণমাধ্যমগুলোতে জেন্ডার নীতি ও হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করতে কাজ করে যাচ্ছে।

আইপিএইচ পরিচালক নাজমুল হোসেন বলেন, আইনি প্রতিকারের পাশাপাশি ভুক্তভোগীর মানসিক ট্রমা কাটিয়ে ওঠার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।

ডব্লিউজেএনবি সমন্বয়কারী আঙ্গুর নাহার মন্টি বলেন, এই চুক্তির ফলে মাঠপর্যায়ের নারী সাংবাদিকরা হয়রানির শিকার হলে দ্রুত বিশেষজ্ঞ পর্যায়ে আইনি পরামর্শ ও মানসিক স্বাস্থ্যসেবা পাবেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহনাজ শারমীন ও রিতা নাহার এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের রাশেদুল হাসান ও আরাফাত সিদ্দিকী। এছাড়াও প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন জ্যেষ্ঠ সাংবাদিক আমিন আল রশীদ, মৌলি ইসলাম, জুম্মাতুল বিদা ও নওরিন আহমেদ মনীশা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, মহিলা পরিষদের সীমা মোসলেম, মাসুদা রেহানা বেগম, রেখা সাহা এবং জ্যেষ্ঠ সাংবাদিক শাহনাজ মুন্নী, মুনিমা সুলতানা, শারমীন রিনভী, মাসুদ করিম, মানসুরা হোসেইন, নাজনীন আখতার, নাজনীন মুন্নী ও মিল্টন আনোয়ারসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, প্রকল্পের কার্যক্রম হিসেবে ইতোমধ্যে সাংবাদিকদের জন্য ‘রেসপন্ডার ট্রেনিং’ এবং নীতিনির্ধারণী পর্যায়ের ‘ব্রেইনস্টর্মিং ওয়ার্কশপ’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর জন্য একটি আন্তর্জাতিক মানের ‘সুরক্ষা প্রোটোকল’ তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Popular

More like this
Related

শাহরিয়ার কবিরের মুক্তি চেয়ে বৈশ্বিক নাগরিক সমাজের আহ্বান

সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের মুক্তি ও তার...

ট্রাম্প কেন ইরানে হামলা চালাল—প্রকাশ্য শুনানিতে জবাব চান ডেমোক্র্যাট সিনেটর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত...

দুপুরে হাসি-আনন্দে বিয়ে, বিকেলে সড়কে ঝরল বর-কনেসহ ১৩ জনের প্রাণ

দুপুরেই হাসি, আনন্দ আর পরিবারের সবার ভালোবাসার মধ্য দিয়ে...

ভিয়েতনামে বাংলাদেশ দলে যোগ দেবেন ‘সম্পূর্ণ ফিট’ হামজা

সব শঙ্কা উড়িয়ে অবশেষে লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত...