গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে: সড়কমন্ত্রী

Date:

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে, যেন কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার চাপ যাত্রীদের ওপর না পড়ে।

আজ শনিবার রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে এসব গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় তিনি বাসে যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং যাত্রাপথে তাদের কোনো ধরনের সমস্যা বা হয়রানির সম্মুখীন হতে হচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে মন্ত্রী রবিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার এবারের ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে নিরলসভাবে কাজ করছে।’

তিনি বলেন, ‘মানুষ যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।’

‘বর্তমানে নির্ধারিত সময় অনুযায়ী বাস চলাচল করছে এবং নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যাতে কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার চাপ যাত্রীদের ওপর না পড়ে,’ বলেন তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাস মালিক সমিতি, শ্রমিক সংগঠনসহ সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।মহাসড়কের বিভিন্ন টোল প্লাজায় রোজাদার যাত্রীদের জন্য সীমিত পরিসরে ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রাপথে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোকে আগাম প্রস্তুত রাখা হয়েছে।’

এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্ভাব্য যানজটপ্রবণ এলাকাগুলো আগেই চিহ্নিত করে সেখানে অতিরিক্ত তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী রবিউল বলেন, যেসব স্থানে সড়ক নির্মাণ বা সংস্কারকাজ চলমান রয়েছে, সেখানে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সংখ্যক লেন চালু রাখা হয়েছে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘সামর্থ্যের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে আমরা চেষ্টা করছি এবারের ঈদযাত্রাকে সুন্দর, স্বস্তিদায়ক ও নিরাপদ করতে। আশা করছি এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না এবং মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে।’

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

সংসদ রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয়...

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন...

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়া চলাকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে পূর্ব...

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সাহায্য করা ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই...