‘খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ কে না খেলতে চায়!’

Date:

বিপিএল ফাইনালের আগের দিন আলোচনার মূল স্রোত এই টুর্নামেন্টকে ঘিরে নেই। বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না—পুরো দেশের ক্রিকেট এখন এই দোলাচলেই দুলছে। বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শেখ মেহেদী হাসানও আজ এই আলোচনার বাইরে থাকতে পারলেন না। বিশ্বকাপ খেলার স্বাভাবিক আকুতি জানিয়েও শেষ পর্যন্ত সব কিছু উপর মহলের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তৈরি হয়েছে নতুন জটিলতা। আইসিসির অধিকাংশ সদস্য বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছেন। ফলে বিশ্বকাপ খেলতে হলে এখন ভারতেই যেতে হবে বাংলাদেশকে। যদিও নিরাপত্তা অজুহাতে বিসিবি এখনো ভারতে দল পাঠাতে রাজি নয়।

এই পরিস্থিতিতে আইসিসির কাছ থেকে একদিন সময় চেয়ে নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সময়ের মধ্যেই আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে সভায় বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল ফাইনালে ওঠা শেখ মেহেদীরও সেই সভায় থাকার কথা রয়েছে।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হন মেহেদী। বিপিএল ফাইনাল নিয়ে আলোচনার ফাঁকেই অবধারিতভাবে উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচিত সভায় আসলে কি নিয়ে আলাপ হবে তা জানেন না ক্রিকেটাররা। শেখ মেহেদী বললেন গেলেই রহস্য বুঝতে পারবেন তারা, ‘ওরকম কোনো কথা এখনো হয় নাই। কেবল বিশ্বকাপ দলের সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে। ওইখানে গেলেই আসলে বোঝা যাবে রহস্যটা কী।’

বিশ্বকাপ নিয়ে তার ভাবনে জানতে চাইলে শেখ মেহেদীর কণ্ঠে ঝরে পড়ে বিশ্বকাপ খেলার আর্তি, ‘খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে। বাট এটা পুরা বোর্ডের সিদ্ধান্ত, সরকারের একটা সিদ্ধান্ত আছে। তারা আমাদের গার্ডিয়ান, তারা আমাদের যেটা বলবে আমাদের সেটাই করা উচিত।’

বিশ্বকাপ ইস্যুতে তৈরি হওয়া গোমট পরিস্থিতিতে ক্রিকেটারদের মনে প্রভাব পড়া অস্বাভাবিক নয়। তবে আপাতত নিজেদের নিয়ন্ত্রণে না থাকা বিষয়গুলো সরিয়ে বিপিএল ফাইনালে মনোযোগ দিতে চান মেহেদী, ‘কালকে বিপিএল ফাইনাল খেলা আছে, সেইটা নিয়েই সবাই প্রস্তুতি নিচ্ছি এবং চিন্তাও করছি বিপিএল ফাইনাল খেলা নিয়ে। বিশ্বকাপটা আসলে আমাদের হাতে না, এটা ম্যানেজমেন্টের হাতে। তারা আমাদের যেভাবে বলবে, আমাদের যারা বিশ্বকাপ দলে আছি তারা সেভাবেই যাবে আর কি। এটা বিসিবির ওপর নির্ভর করছে।’

বিপিএলের ডামাডোলের মাঝে এখন সবার নজর আজ বিকেলের সেই সভার দিকে, যেখানে নির্ধারিত হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যের পরবর্তী পদক্ষেপ।

Popular

More like this
Related

সেভিয়ায় ফেরার আরেক অধ্যায় রামোসের

সেভিয়া, যে ক্লাব থেকে শুরু হয়েছিল সের্জিও রামোসের উত্থান,...

নির্বাচনে ৩টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির...

বিপিএল চ্যাম্পিয়নদের বরণে উৎসবের নগরী রাজশাহী

সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপাজয়ী রাজশাহী ওয়ারিয়র্সকে রাজশাহীতে...

নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করে...