ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন এবং শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তাও নিরাপদ রয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান নিয়ে জল্পনার মধ্যে এ মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আজ শনিবার এনবিসি নিউজকে দেওয়া আব্বাস আরাঘচির এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, তার জানা মতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। ইরান উত্তেজনা কমাতে আগ্রহী।
তিনি আরও বলেন, ‘শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তাই জীবিত আছেন।’
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখার কথা উল্লেখ করে আরাঘচি বলেন, ‘আমি তাদের ব্যাখ্যা করে জানিয়েছি—আমরা তাদের ওপর হামলার কোনো ইচ্ছা পোষণ করি না। শুধু আত্মরক্ষার অংশ হিসেবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছি।’
তিনি জানান, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই।
আরাঘচি বলেন, ‘আমেরিকানরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা অবশ্যই উত্তেজনা কমাতে আগ্রহী।’